টেকসই নগরায়নে সমন্বিত পরিকল্পনা ও বিজ্ঞানভিত্তিক ট্রান্সপোর্ট মডেলিং জরুরি
- Update Time : ০৬:৪৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / 10

হাসান মাহমুদ, পাবনা থেকে:
টেকসই ও পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে সমন্বিত ভৌত পরিকল্পনা, কার্যকর ভূমি ব্যবহার ব্যবস্থাপনা এবং বিজ্ঞানভিত্তিক ট্রান্সপোর্ট মডেলিংয়ের ওপর গুরুত্বারোপ করেছেন নগর পরিকল্পনাবিদ ও পরিবহন বিশেষজ্ঞরা।
শনিবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশে নগরায়নের প্রবণতা, পুনর্বিন্যাস ও পরিবহন মডেলিংয়ের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে তারা এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ইউআরপি বিভাগে আয়োজিত এ সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী, পরিকল্পনাবিদ ও সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন।
ইউআরপি বিভাগের চেয়ারম্যান ড. মো. আশরাফুজ্জামান প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক সায়মুন্নাহার রিতু।
অপরিকল্পিত নগরায়নে বাড়ছে সংকট
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদ মো. নূরুল্লাহ। তিনি বলেন, স্বাধীনতার পর দেশে দ্রুত নগরায়ন ঘটলেও তা পরিকল্পিত ও নিয়ন্ত্রিত কাঠামোর আওতায় পরিচালিত হয়নি। ফলে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলোতে যানজট, জলাবদ্ধতা, বায়ুদূষণ, কৃষিজমি ও জলাভূমি হ্রাস এবং নাগরিক সেবার ওপর ক্রমবর্ধমান চাপ সৃষ্টি হয়েছে।
এই সংকট মোকাবিলায় তিনি জাতীয় ভৌত পরিকল্পনা প্রণয়ন, আধুনিক নগর ও গ্রাম পরিকল্পনা আইন প্রণয়ন, নগর ও গ্রাম পরিকল্পনা অধিদপ্তর প্রতিষ্ঠা এবং স্থানীয় সরকার পর্যায়ে ভূমি ব্যবহার পরিকল্পনা ও জোনিং কার্যকরভাবে বাস্তবায়নের তাগিদ দেন।
ট্রান্সপোর্ট মডেলিং ছাড়া যানজট সমাধান সম্ভব নয়
ট্রান্সপোর্ট প্ল্যানিং বিশেষজ্ঞ ও এসএমইসি বাংলাদেশ-এর সৈয়দ মোহাম্মদ ওয়ালিউল্লাহ বলেন, নগর পরিবহন ব্যবস্থার দীর্ঘমেয়াদি উন্নয়নে তথ্যনির্ভর ট্রান্সপোর্ট মডেলিং অপরিহার্য। জনসংখ্যা বৃদ্ধি, যানবাহনের চাপ এবং ভবিষ্যৎ অবকাঠামোগত চাহিদা বিবেচনায় বৈজ্ঞানিক মডেলিংয়ের মাধ্যমে পরিকল্পনা গ্রহণ করলে যানজট কমানো, বিনিয়োগের কার্যকারিতা বৃদ্ধি এবং টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
বাসযোগ্য বাংলাদেশ গড়ার আহ্বান
আলোচনায় বক্তারা বলেন, দেশের পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে নগরায়নকে সমন্বিত উন্নয়ন ইস্যু হিসেবে বিবেচনা করতে হবে। জাতীয় থেকে স্থানীয় সরকার পর্যায় পর্যন্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে দক্ষ পরিকল্পনাবিদদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং কার্যকর আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার ওপর জোর দেন তারা।
সেমিনারে শিক্ষার্থীরা নগরায়ন, ভূমি ব্যবহার ও পরিবহন পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন। শেষে বক্তারা পরিকল্পিত নগরায়নের মাধ্যমে বাসযোগ্য, পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।



















