সম্প্রীতির সুনামগঞ্জে ঐক্যের বিকল্প নেই: ডিসি
- Update Time : ০৮:৩৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 16

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার ৭ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পীর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও এডিশনাল পিপি এ্যাডভোকেট শেরেনুর আলী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর, সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার ও সহ সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী প্রমুখ।
মতবিনিময়কালে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সম্প্রীতির জেলা হিসেবে সুনামগঞ্জে প্রতিটি ধর্মের মানুষের মাঝে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও ভাতৃত্বের বন্ধন রয়েছে তা অনন্য দৃষ্টান্ত। এই সম্প্রীতির ধারা সমুন্নত রাখতে ঐক্যের কোন বিকল্প নেই।”
তিনি আরও বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হয় সেজন্য জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। পূজা মণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও অন্যান্য সকল বিষয়ে প্রশাসন সজাগ রয়েছে।
পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এ সময় শারদীয় পূজার সার্বিক প্রস্তুতি ও বিভিন্ন দাবি-দাওয়া জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।



















