ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ
- Update Time : ০৩:৪৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 13
হারাধন সূত্রধর, ময়মনসিংহ:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় ত্রিশাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ত্রিশাল শুধু ময়মনসিংহের নয়, সারাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ জনপদ। এই উপজেলাকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। এখানে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা হলে দেশ-বিদেশের পর্যটকরা সহজে যাতায়াত করতে পারবেন। একই সঙ্গে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হবে।
তিনি আরও বলেন, বিমানবন্দর নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্বাচন, জমি অধিগ্রহণ ও সম্ভাব্যতা যাচাইসহ প্রয়োজনীয় সকল কার্যক্রম পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
সভাপতির বক্তব্যে ডা. মো. মাহবুবুর রহমান বলেন, ত্রিশালবাসীর দীর্ঘদিনের দাবি এখানে একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা হোক। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ত্রিশালের অবস্থানগত সুবিধা রয়েছে। বিমানবন্দর নির্মিত হলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও কৃষি অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ত্রিশালে বিমানবন্দর নির্মিত হলে ময়মনসিংহ বিভাগসহ উত্তরবঙ্গের মানুষ সরাসরি উপকৃত হবেন। নজরুল স্মৃতি কেন্দ্রসহ ত্রিশালের ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানগুলোকে কেন্দ্র করে পর্যটন শিল্প গড়ে তোলা সম্ভব। এজন্য আধুনিক হোটেল, রিসোর্ট, পার্ক, সাংস্কৃতিক কেন্দ্র ও উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হবে। পাশাপাশি স্থানীয় যুবকদের পর্যটন খাতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
সভা শেষে প্রধান অতিথি ত্রিশালের উন্নয়নে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দেন।



















