স্টাফ রিপোর্টঃ-মৌলভীবাজার সদর উপজেলার মীরপুর গ্রামের এক বন্ধুর বাড়ি থেকে নৌকাযোগ ফেরার পথে মনু নদীতে পড়ে নিখোঁজ হন মছব্বির আহমদ (৩২)। কিন্তু দু’দিন পর লাশটি ভেসে আসে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দীঘলবাগ (মরাকালনীরচর) এলাকার কুশিয়ারা নদীতে। গত শুক্রবার রাতে স্থানীয় সূত্রে খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত মছব্বির আহমদ মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার মীরপুর গ্রামের এক বন্ধুর বাড়ি থেকে নৌকাযোগ ফেরার পথে মনু নদীতে পড়ে নিখোঁজ হন মছব্বির আহমদ। ঘটনার দুদিন পর শুক্রবার রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীতে ভাসমান লাশ পাওয়ার সংবাদে আলাল মিয়া এসে তার ভাইকে শনাক্ত করেন।
এ ব্যাপারে আলাল মিয়া মুঠোফোনে বলেন, গত বুধবার আমার ভাই তার এক বন্ধুর বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে সে নিখোঁজ হয়। তিনি আরো জানান, ঘটনার পরদিন তিনি মৌলভীবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুইয়া বলেন, লাশটি ময়না তদন্তের জন্য শনিবার সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জটুডে / এহাই



