গণমাধ্যমের পরিচিত মুখ কাজী জেসিন বিটিভির মহাপরিচালক
- Update Time : ১২:৪৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / 14

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক গ্রেড-১ হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের গণমাধ্যম অঙ্গনের সুপরিচিত মুখ, সাংবাদিক, লেখক ও টেলিভিশন উপস্থাপক কাজী জেসিন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
কাজী জেসিন একাধারে সাংবাদিক, টেলিভিশন উপস্থাপক, লেখক ও কবি। দীর্ঘদিন ধরে রাজনৈতিক সাংবাদিকতায় সক্রিয় থেকে তিনি দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে কাজ করেছেন। তার উপস্থাপনায় জনপ্রিয় রাজনৈতিক টকশো ‘পয়েন্ট অব অর্ডার’ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। দীর্ঘ বিরতির পর আবারও এই অনুষ্ঠান নিয়ে তিনি ফিরছেন।
কাজী জেসিনের পৈত্রিক বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌর শহরের ৪নং ওয়ার্ড পুরাতন বন্দর এলাকায়। তিনি গোবিন্দগঞ্জের গর্ব, কাজী পেয়ার জনক ও দেশবরেণ্য কৃষিবিজ্ঞানী কাজী এম. বদরুদ্দোজার ভাতিজি। তিনি যুক্তরাজ্যের কামব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে টেকসই উন্নয়ন ও নেতৃত্ব বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭ সালে লিটল ম্যাগাজিনে লেখালেখির মাধ্যমে তার সাহিত্য জীবনের শুরু।
পেশাগত জীবনে তিনি দৈনিক আমার দেশ, এনটিভি, চ্যানেল ওয়ান, একুশে টেলিভিশন, বাংলাভিশন ও যমুনা টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যেও তার রয়েছে বিচরণ। ‘জোৎস্নামত্ত যাত্রা’ ১৯৭ ও ‘তানুম তানুম’ ২০১০ তার প্রকাশিত কাব্যগ্রন্থ।
গণমাধ্যম বিশ্লেষকরা মনে করছেন, কাজী জেসিনের মতো অভিজ্ঞ ব্যক্তিত্ব বিটিভির নেতৃত্বে আসায় জাতীয় এই টেলিভিশন চ্যানেলটি নতুন রূপে দর্শকের কাছে উপস্থাপিত হবে।
তার এই নিয়োগে গাইবান্ধাবাসী আনন্দিত। এলাকাবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
















