চন্দনা রানীর একগুচ্ছ কবিতা
- Update Time : ০৭:০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / 14

খোকার কান্ড
সকাল হলেই বই নিয়ে সব
পড়তে বসে খোকা,
গুড মনিং কে বিকেল বলে
মা’কে বানায় বোকা।
সান’কে বলে চাঁদ মামা সে
ডে কে বলে রাত,
অরেঞ্জ কে সে আপেল বলে
পেডি কে বলে ভাত।
দুই দু-গুনে পাঁচের বোঝা
তিন দু-গুনে আট,
খোকা বাবু এক্সপার্ট ছেলে
আশিকে বলে ষাট।
মা ভাবছে ছেলে আমার
পড়ছে অনেক পড়া,
এমন সময় খেতে ডাকলে
রাগ দেখাবে কড়া।
নিরক্ষর মা জানে না তো
ছেলের বোকা বুদ্ধি,
গর্ব করে ছেলেকে নিয়ে
বাইরে করে ফূর্তি।
দশভূজা
বাবার বাড়ি রাজকন্যা আর
পরের ঘরে দাসী,
বিয়ের পরেই স্বামীর সংসার
তাইতো ভালোবাসি।
যেই ঘরেতে জন্ম মোদের
সেই ঘরে অতিথি,
বিধাতার ঐ দারুণ নিয়ম
সুন্দর রীতি-নীতি।
কন্যা রুপে বাবার ঘরে
লক্ষ্মী হয়ে থাকি,
দশভূজা অন্নপূর্ণা
দেইনা মোটেও ফাঁকি।
বাকি জীবনটা পাড় করি
গিয়ে অন্যের ঘরে,
সুখে-দুঃখে, মিলেমিশে
পরকে আপন করে।
কালো কাক
রোজ সকালে কা-কা করে
ডাকছে কালো কাক,
মাংস খেয়ে লোভ পেয়েছে
তাই দিয়েছে ডাক,
কালো কাকের বিশ্রী শব্দে
কান ঝালাপালা,
ময়লা- আবর্জনা পরিষ্কারে
কাক অনেক ভালা।
কাক কালো তবুও ভালো
নেই কোন বিদ্বেষ,
কা-কা করে উড়ে বেড়ায়
ঘুরে সারা দেশ।



















