ডিজিটাল লেনদেনে Bangla QR বাধ্যতামূলক
- Update Time : ০৪:২১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / 10

মোঃ আরিফুল ইসলাম মুরাদ, ঢাকা:
ডিজিটাল লেনদেনে নতুন যুগের সূচনা করেছে বাংলাদেশ ব্যাংক। ১ জুলাই, ২০২৬ থেকে দেশে সকল লেনদেনে Bangla QR বাধ্যতামূলক করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক আয়োজিত “Bangla QR রিলস মেকিং কম্পিটিশন”-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০ জুলাই, ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গভর্নর মোঃ মোস্তাকুর রহমান প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনকে পুরস্কার প্রদান করেন। এসময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরবৃন্দ, হেড অব বিএফআইইউ, নির্বাহী পরিচালক ও পরিচালকগণ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গভর্নর বলেন, “Bangla QR বাধ্যতামূলক করার ফলে একদিকে যেমন গ্রাহকদের নগদ টাকা বহনের ঝুঁকি কমবে, অন্যদিকে লেনদেন সহজ, দ্রুত ও নিরাপদ হবে। জাল টাকা ও ছেঁড়াফাটা নোটের ভোগান্তি থেকেও জনসাধারণ মুক্তি পাবে।”
তিনি আরও বলেন, “বিশ্ব এখন আর্থিক লেনদেনে ডিজিটাল সব প্রযুক্তি ব্যবহার করছে। আমরা Bangla QR দিয়ে শুরু করছি, ভবিষ্যতে লেনদেনে আরও সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করবো বলে আমরা আশাবাদী।”
গভর্নর উল্লেখ করেন, সকল ব্যাংক ও এমএফএস কর্তৃক গ্রাহকদের Bangla QR ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা রয়েছে।
উল্লেখ্য, Bangla QR বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং লেনদেনে বাংলা কিউআর ব্যবহারের প্রসার বাড়াতে বাংলাদেশ ব্যাংক এই রিলস কম্পিটিশনের আয়োজন করে।



















