ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল জব্দ
- Update Time : ০৪:২৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / 2

স্টাফ রিপোর্টার:
নীলফামারীর ডোমারে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাকির ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ডোমার থানার সীমান্তবর্তী চৌরাঙ্গী মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীন বালাপাড়া বিওপির একটি টহলদল।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহলদল জানতে পারে, সীমান্ত এলাকা থেকে এক ব্যক্তি মোটরসাইকেলে করে ইয়াবা নিয়ে চৌরাঙ্গী মোড় এলাকায় আসছে। খবর পেয়ে সুবেদার মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেয়।
পরে ভোর সাড়ে ৪টার দিকে সন্দেহভাজন ওই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন। এ সময় তিনি মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।
আটক জাকির ইসলাম ডোমার উপজেলার গোমনাতি গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ হাজার টাকা এবং জব্দ করা মোটরসাইকেলের মূল্য প্রায় ১ লাখ ১০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ১৩ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেলসহ ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও মাদকের বিস্তার ঠেকাতে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

















