বন্যা পরিস্থিতি নিয়ে বিভাগীয় কমিশনারদের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স
- Update Time : ১২:৪৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / 15

ডেস্ক রিপোর্ট
দেশজুড়ে অব্যাহত ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং মাঠ প্রশাসনের প্রস্তুতি পর্যালোচনা করতে দেশের সকল বিভাগীয় কমিশনারের সাথে জরুরি ভিডিও কনফারেন্স করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১২ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভাগীয় কমিশনারদের সাথে মতবিনিময় করেন।
ভিডিও কনফারেন্সে খুলনা প্রান্ত থেকে যুক্ত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন। তিনি নিজ বিভাগের সার্বিক বন্যা পরিস্থিতি, প্লাবিত এলাকার চিত্র এবং দুর্গত মানুষের সহায়তায় গৃহীত পদক্ষেপ প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করেন।
এ সময় খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে খুলনা রেঞ্জের ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
এর আগে একই দিন সকালে খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে ‘বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি’র এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় দুর্যোগের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোচনা হয়। দুর্যোগকালীন সময়ে মাঠ পর্যায়ে ত্রাণ বিতরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
উক্ত জরুরি সভায় রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মো: মনজুর আলম, র্যাব-৬ এর অধিনায়ক মোহাম্মদ নিস্তার আহমেদসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় যুক্ত হয়ে নিজ জেলার দুর্যোগ প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।



















