সদরজুড়ে সচেতনতার বার্তা
- Update Time : ১২:৪৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / 15

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে নাটকের মাধ্যমে গণসচেতনতা সৃষ্টি করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নওগাঁ গণথিয়েটার, নওগাঁ। প্রতিষ্ঠানটি বর্তমানে গণতন্ত্র, সুশাসন, জেন্ডার সমতা, জলবায়ু পরিবর্তন, বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকবিরোধী বিভিন্ন বিষয়ভিত্তিক নাটক মঞ্চস্থ করে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নওগাঁ গণথিয়েটারের সভাপতি উত্তম সরকার বলেন, “গণসচেতনতা তৈরির অন্যতম কার্যকর মাধ্যম হচ্ছে নাটক। নাটকের মাধ্যমে খুব সহজেই সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায়। তাই আমরা সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নাটক পরিবেশনের মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা করছি। সারা বছরই আমরা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছি।”
তিনি আরও জানান, জুন, জুলাই ও আগস্ট ২০২৬—এই তিন মাসব্যাপী নওগাঁর বদলগাছি, রানীনগর ও সদর উপজেলায় ধারাবাহিকভাবে গণসচেতনতামূলক নাট্য কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে খান ফাউন্ডেশন ও আপোস, নওগাঁ।
খান ফাউন্ডেশনের প্রতিনিধি মোঃ নুরুজ্জামান বুলবুল বলেন, “নওগাঁ গণথিয়েটারের জনসচেতনতামূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে আমরা গর্বিত। সমাজ পরিবর্তনে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হোক, সেটিই আমাদের প্রত্যাশা।”
অন্যদিকে, আপোস, নওগাঁর নির্বাহী পরিচালক এস. এম. শহিদুল আলম বলেন, “নওগাঁ গণথিয়েটার দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের কর্মকাণ্ড ইতোমধ্যেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আপোস সবসময় এই প্রতিষ্ঠানের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”
নওগাঁ গণথিয়েটারের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সিদ্দিকী সিটু বলেন, “নওগাঁ গণথিয়েটার একটি সামাজিক, সাংস্কৃতিক ও গণসচেতনতামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কার্যক্রম সফলভাবে পরিচালনায় সহযোগিতা করায় খান ফাউন্ডেশন ও আপোস, নওগাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে আমরা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি, যাতে ভবিষ্যতেও সমাজকল্যাণে আমাদের কার্যক্রম অব্যাহত রাখতে পারি।”



















