সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ
- Update Time : ০১:০০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 10

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা থেকে:
ধর্মতলায় ছাত্র আন্দোলনের সময় সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে শনিবার ২৫ জুলাই বিকেল ৩টায় কলকাতা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
২৪ জুলাই ধর্মতলায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বামপন্থী বিভিন্ন সংগঠনের যুব ছাত্র-ছাত্রীরা আন্দোলন করছিলেন। সেই সময় কয়েকজনের মদতে আন্দোলনকারীরা কয়েকজন সাংবাদিকের উপর হামলা চালায়। অভিযোগ, সাংবাদিকদের মোবাইল ও মানিব্যাগ ছিনতাই করা হয় এবং মহিলা সাংবাদিকদের গায়ে হাত দেওয়া হয়। এই হামলায় কয়েকজন সাংবাদিক গুরুতর আহত হন।
মুখ্যমন্ত্রীর তৎপরতায় আহত সাংবাদিকদের দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। মুখ্যমন্ত্রী নিজে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।
প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন
কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, সম্পাদক কিংশুক প্রামানিক, নিতাই মালাকার, মৌপ্রিয়া, দিলীপবাবু সহ বিভিন্ন জার্নালিস্ট ক্লাবের প্রতিনিধি, সাংবাদিক বন্ধু, চিত্রসাংবাদিক ও সহকর্মীরা।
বক্তারা বলেন, এটি পরিকল্পিত ও চক্রান্তমূলক হামলা। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর বারবার আক্রমণ নেমে আসছে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আগামী সোমবার দুপুর আড়াইটায় রাজ্যপালের কাছে ডেপুটেশন দেওয়া হবে।
বক্তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি দ্রুত ব্যবস্থা নিয়ে হামলাকারীদের বেশিরভাগকে চিহ্নিত করেছেন এবং দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছেন। যারা এই হামলার মদদ দিয়েছেন তাদেরও চিহ্নিত করা হবে।
একইসাথে সকল রাজনৈতিক দলের নেতৃত্বের প্রতি আহ্বান জানানো হয়, আন্দোলন-কর্মসূচির সময় দলের মধ্যে কারা লাঠি, বোমা, পাথর নিয়ে ঢুকছে সেদিকে নজর রাখতে।
প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকদের নিরাপত্তার জন্য তাদের হাতে জ্যাকেট তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই সাথে সকল চ্যানেল কর্তৃপক্ষকে সাংবাদিকদের পাশে থাকার আহ্বান জানানো হয়।
কলকাতা সহ রাজ্যের সকল জেলার সাংবাদিকদের সোমবারের ডেপুটেশন কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান প্রেসক্লাবের নেতারা।



















