মোঃ হুমায়ুন কবিরঃ-
জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ লক্ষ ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুর থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত ক্যাপ্টেন শোয়েব আহমদ এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর টীম ও জগন্নাথপুর থানা পুলিশের সহযোগিতায় জগন্নাথপুর সদর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বরকত উল্লাহ।
এসময় বাজারে সয়াবিন তেলের প্রাপ্যতা, মজুদ পরিস্থিতি ও কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে কিনা, ভুষি মালের দোকান, ফলের দোকান, সবজির দোকান ও আড়তে পণ্যের মূল্য তালিকা টানানো, মালামালের ক্রয় রশিদ দোকানে সংরক্ষণ ও বিক্রেতাকে রশিদ প্রদান, পোলট্রি দোকানে কেজিতে মুরগি বিক্রয় ইত্যাদি বিষয় মনিটরিং করা হয়।
অভিযানকালে সয়াবিন তেলের ডিলিং লাইসেন্স না থাকা, দোকানে মূল্য তালিকা হালনাগাদ না থাকা, পণ্যের মোড়ক না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় হাবিব ট্রেডার্সকে ১ লক্ষ টাকা, সয়াবিন তেলের ডিলিং লাইসেন্স না থাকা, মজুদ হিসাবের সাথে গুদামে বাস্তবে না পাওয়ায়, কৃত্রিম সংকট সৃষ্টির জন্য মান্না ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, খেজুরের প্যাকেটে মূল্য লিখা না থাকা ও কিছু ফলের মূল্য তালিকা হালনাগাদ না থাকায় আল্লাহর দান ফলের আড়তকে ২০ হাজার টাকা,
দোকানে ক্রয় রশিদ না রাখা ও মূল্য তালিকা না থাকায় আনারস বিক্রেতা আবু বকরকে ১হাজার টাকা, লেবু ক্রয়ের ক্রয় রশিদ না থাকায় সবজি দোকানি মোঃসাদ্দামকে ২ হাজার টাকা, মূল্য তালিকা হালনাগাদ না থাকা ও পণ্যের ক্রয় রশিদ না রাখায় মোঃ তাজউল্লাহ সবজির আড়তকে ৩০ হাজার টাকাসহ মোট ২লক্ষ ৩হাজার টাকা অর্থদণ্ড প্রদান পূর্বক আদায় করা হয়।
এছাড়া ব্যবসায়ীগণকে ক্রেতাদের সাথে ভালো ব্যবহার ও আইন মেনে চলার জন্য অনুরোধ করা হয়। বাজার নিয়ন্ত্রনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বরকত উল্লাহ জানান।