স্টাফ রিপোর্ট:
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির নির্মিত জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ-কচুরকান্দি-লামাটুকের বাজার সড়কের রসুলগঞ্জ বাজারের ডাউকা নদীর ব্রীজের এ্যাপ্রোচ বিধ্বস্ত হওয়ায় ঝুকিপূর্ন ভাবে যান বাহন চলাচল করছে। পানির প্রবল স্রোতে ব্রীজের উত্তর পাড়ের পশ্চিম পাশে এ্যাপ্রোচের মাটি সরে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়েছে।
এলাকা বাসী জানান, জগন্নাথপুর উপজেলা সদর থেকে পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজার হয়ে মীরপুর ইউনিয়নের কচুরকান্দি, লামাটুকের বাজার সহ পাশ্ববর্তী ছাতক উপজেলার বিভিন্ন এলাকায় যাতায়াতের একমাত্র সড়কটির ডাউকা নদীর ব্রীজের এ্যাপ্রোচ বিধ্বস্ত হওয়ায় এবং প্রতিদিন এ্যাপ্রোচ এলাকায় ভাঙ্গনের ফলে যেকোন সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশংকা রয়েছে। অবিলম্বে ব্রীজের এ্যাপ্রোচ সংস্কার প্রয়োজন।
ডাউকা নদীর উত্তর পাশে হাওরের পানি ব্রীজের এ্যাপ্রোচ স্থান দিয়ে প্রবাহিত হওয়ায় পানির প্রবল স্রোতে ব্রীজের এ্যাপ্রোচ ক্ষতিগ্রস্থ হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির জগন্নাথপুর উপজেলা অফিস সূত্র জানান, ব্রীজের এ্যাপ্রোচ ক্ষতিগ্রস্থ হওয়ার খবর পেয়ে সরেজমিন পরিদর্শন করা হয়েছে। পানির প্রবল স্রোতে এ্যাপ্রোচ স্থান ক্ষতিগ্রস্থ হওয়ায় সংস্কারের জন্য প্রাক্কলন তৈরী করে উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে পাঠানো হয়েছে। শীঘ্রই সংস্কার কাজ শুরু করা হবে।
জগন্নাথপুর টুডে/বিপ্লব