ডিমলায় মাদকবিরোধী সচেতনতায় ওসির উদ্যোগ, নিরাপদ সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
- Update Time : ০১:৩৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / 11
স্টাফ রিপোর্টার, নীলফামারী:
মাদক, জুয়া, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ ও চুরির মতো সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের একতা বাজারে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) একতা বাজার স্কুল মাঠে স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ সভায় অংশ নেন ডিমলা থানা পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার। বিশেষ অতিথি ছিলেন টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন। এছাড়াও বক্তব্য দেন ডিমলা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আকিক, স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে ওসি শওকত আলী সরকার বলেন, শুধু পুলিশের অভিযান দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, মাদক একজন ব্যক্তিকে নয়, একটি জাতির ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলাও সমানভাবে জরুরি।
তিনি আরও জানান, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে ডিমলা থানা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং কোনো মাদক ব্যবসায়ী বা তাদের সহযোগীদের প্রতি কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
সভায় বক্তারা বলেন, মাদক ও জুয়া সমাজের জন্য ভয়াবহ ব্যাধি। যুবসমাজকে রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ডিমলাকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভার শেষে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার এবং ডিমলা থানাকে একটি মাদকমুক্ত মডেল থানা হিসেবে প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।



















