আত্মনির্ভরশীলতার পথে বিরামপুরের নারীরা
- Update Time : ১২:১৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / 16

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর
একটি সেলাই মেশিনই পারে একটি পরিবারের আয়ের নতুন দ্বার খুলে দিতে। এই ভাবনা থেকেই দিনাজপুরের বিরামপুরে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে বিশেষ অনুদানের চেক এবং অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শুক্রবার ৩১ জুলাই ২০২৬ বিকেল ৩টা ৩০ মিনিটে বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০২৫-২০২৬ অর্থ বছরের এডিপির বিশেষ বরাদ্দ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অসহায়, দুস্থ, অসুস্থ, প্রতিবন্ধী, গৃহহীন ব্যক্তি, মেধাবী শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়।
মন্ত্রীর বক্তব্য
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ড. এ.জেড.এম. জাহিদ হোসেন, এমপি। তিনি নিজ হাতে উপকারভোগীদের মাঝে চেক ও সেলাই মেশিন তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “জনগণের কল্যাণই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। আজকের এই অনুদান কিংবা সেলাই মেশিন বিতরণ শুধুমাত্র সহায়তা নয়, এটি মানুষের আত্মমর্যাদা ও আত্মনির্ভরশীলতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।”
তিনি আরও বলেন, “সরকার উন্নয়নের সুফল দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। কোনো অসহায় মানুষ যেন অবহেলিত না থাকে, সে লক্ষ্যেই আমরা কাজ করছি।”
উপকারভোগীদের প্রতিক্রিয়া
অনুদান ও সেলাই মেশিন পেয়ে উপকারভোগীদের মুখে হাসি ফুটে ওঠে। তারা সরকারের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মাৎ তানজিনা খাতুন। এছাড়া উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া মো. শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মনজুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রেজুসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। আরও ছিলেন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক উপকারভোগী।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপকারভোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।









