জাফলং ফ্রেশ কৃষক সংগঠনের আত্মপ্রকাশ ও ব্যবসা বিষয়ক প্রশিক্ষণ
- Update Time : ০৯:৫১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / 14

গোয়াইনঘাট (সিলেট)প্রতিনিধি:
আধুনিক ও গতিশীল ব্যবসা পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে ব্যবসা পরিচালনার প্রত্যয়ে নিরাপদ ফসল ও সবজি উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের লক্ষ্যে আত্মপ্রকাশ করল জাফলং ফ্রেশ কৃষক সংগঠন যা জাফলং ফ্রেশ এফপিও নামে পরিচিত। এই সংগঠনের সদস্যগণ গ্রীন ইভোলুশন প্রকল্পের সাথে যুক্ত যারা জৈব পদ্ধতিতে নিরাপদ ফসল, সবজি ও পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাত করছেন। ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং রোজ-বুধবার এফআইভিডিবি সেন্ট্রাল ট্রেনিং সেন্টার, খাদিমনগর, সিলেটে গ্রীন ইভোলুশন প্রকল্পের আয়োজনে এক ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণে জাফলং ফ্রেশ কৃষক সংগঠন (এফপিও)-এর সদস্যগণ অংশগ্রহণ করে। এই প্রশিক্ষণে তারা ব্যবসা ধারনা, ব্যবসা পরিকল্পনা, এফপিও পরিচালনা কমিটি গঠন, মার্কেট লিংকেজ, ব্যবসার সুযোগ, সমস্যা ও ঝুকি বিশ্লেষণ ইত্যাদি সম্পর্কে বাস্তবমুখী জ্ঞান অর্জন করে। প্রশিক্ষণ গ্রহণ শেষে সদস্যগণ নিজেদের ঐক্যমতের ভিত্তিতে সংগঠনটি সঠিকভাবে পরিচালনার জন্য একটি কমিটি গঠন করে।
জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা ওয়েল্টহাঙ্গারহিলফি-এর করিগরি সহযোগিতায় এবং ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-এর মাধ্যমে বাস্তবায়িত গ্রিন ইভোলুশন প্রকল্পটি কাজ করছে সিলেট জেলার গোয়াইনঘাট ও জকিগঞ্জ উপজেলায়। প্রকল্পের লক্ষ্য হলো টেকসই কৃষি, জৈব চাষাবাদ, উন্নত বাজার সুবিধা এবং এফপিও (ফার্মারস প্রোডিউসারস অর্গানাইজেশন) গঠনের মাধ্যমে ক্ষুদ্র কৃষকদের সুবিধা বৃদ্ধি করা। এফপিও হলো এমন একটি কৃষক-উৎপাদক সংগঠন যা তাদের পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বিপণন এবং প্রচারের কাজ করে। বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং সরাসরি বাজারজাতকরণের লক্ষ্যে গঠিত জাফলং ফ্রেশ কৃষক সংগঠন জাফলং-এর তিনটি ইউনিয়নে প্রসেসিং সেন্টার থেকে পণ্য উৎপাদিত হচ্ছে। এগুলো হচ্ছে পশ্চিম জাফলং ইউনিয়নে সরিষার তেল প্রসেসিং সেন্টার, মধ্য জাফলং ইউনিয়নে ফরাস বা ঝাড়শিম প্রসেসিং সেন্টার এবং পূর্ব জাফলং ইউনিয়নে চাল ও মাসকলাই প্রসেসিং সেন্টার।
এই কমিটিতে সর্বসম্মতিক্রমে মো দৌলত খানকে সভাপতি এবং মো. লুৎফর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি রিনা আক্তার, ক্যাশিয়ার মো. ফরহাদ হোসেন । এই কমিটি এলাকার চাষীদের রাসায়নিকমুক্ত ফসল উৎপাদনে উৎসাহিত করা, আধুনিক পদ্ধতিতে তা প্রক্রিয়াজাত করা এবং মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি ভোক্তাদের বাজারে পৌঁছে দিতে কাজ করবে। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “আমাদের এই কমিটি মাঠের কৃষক ও শহরের বাজারের মধ্যে একটি নিরাপদ সেতু তৈরি করবে। মাঠ পর্যায়ে জৈব উপায়ে ফসল উৎপাদন, স্বাস্থ্যসম্মত প্রক্রিয়াজাতকরণ এবং সরাসরি ভোক্তার কাছে বিষমুক্ত পণ্য বাজারজাতকরণ নিশ্চিত করতে কাজ করবে।” সাধারণ সম্পাদক বলেন আমরা শুধু বিষমুক্ত পণ্য উৎপাদনই করব না, বরং সঠিক মান বজায় রেখে তা প্রক্রিয়াজাত ও বাজারজাত করব, যাতে আমাদের স্থানীয় কৃষকরা ফসলের সঠিক মূল্য পান। আমরা আমাদের সংগঠনের মাধ্যমে প্রতিটি অঞ্চলে নিরাপদ খাদ্যের এই নেটওয়ার্ক ছড়িয়ে দিতে চাই।”
এফআইভিডিবি=গ্রীন ইভোলুশন প্রকল্পের টেকনিক্যাল ফোকাল মো. দেলোয়ার হোসেন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে বলেন, ” সদস্যগন যে এফপিও গঠন করলেন তার ছায়াতলে থেকে তারা একটি সফল ব্যবসা প্লাটফরম গঠন করে মানসম্মত ব্যবসা পরিচালনায় দক্ষ করে তুলতে সক্ষম হবেন বলে আশা করা যায়।” প্রজেক্ট কোঅর্ডিনেটর মুকুল দাস উদ্যোক্তাদের পণ্যের গুণগত মান বজায় রাখা, ভোক্তার চাহিদা বোঝা এবং আধুনিক বিপণন মাধ্যম ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন।


















