বিভিন্ন রোগে মুরগির খামার উজাড়, খামারির ৬’লাখ টাকার ক্ষতি
- Update Time : ০৬:৪০:১২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 12
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের সোনাপুর আদিবাসী পাড়ায় বিভিন্ন রোগে ও হঠাৎ গরমে “এ ও এম পোল্ট্রি খামারের” মুরগি মরে খামার উজাড় হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছে খামার মালিক।
খামার মালিক রাজ খান বলেন, ছোট-বড় ৩’টি খামার মিলে এবার ৫’হাজার বয়লার মুরগির বাচ্চা উঠাই। কিন্তু বিভিন্ন রোগ এবং দু’দিন আগে হঠাৎ গরমে খামারের ২২’দিন বয়সের ২৫শ’র অধিক মুরগি মারা যায়। মারা যাওয়া মুরগিগুলোর ওজন প্রায় ১’কেজি ২০০ গ্রাম পর্যন্ত হয়েছিল। মুরগি মারা যাওয়ায় প্রায় ৬’লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানান খামার মালিক রাজ।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী বলেন, মুরগি মারা যাওয়ার বিষয়টি খামারি প্রাণিসম্পদ অফিসে অবহিত করেনি। ল্যাব টেস্ট করলে জানা যাবে মারা যাওয়ার প্রকৃত কারণ। উপজেলায় ছোট-বড় ১৩শ’র অধিক মুরগির খামার আছে। আমরা প্রাণিসম্পদ অফিস থেকে নিয়মিত সেবা প্রদান করে থাকি বলেও জানান এ কর্মকর্তা।



















