সুনামগঞ্জে পুলিশ সুপারের সাথে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
- Update Time : ১০:০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / 16

সুনামগঞ্জ প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ।
শুক্রবার সকাল ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য অশোক তালুকদার এবং সদস্য সচিব অ্যাডভোকেট দিপঙ্কর বণিক সুজিতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুমন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রাকিবুল হাসান রাসেল, এএসপি প্রশান্ত ঘোষ, জেলা কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শংকর কুমার দাস, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অজিত দাস, সদস্য সচিব রাজন তালুকদার, যুগ্ম আহ্বায়ক রামকৃষ্ণ তালুকদার সবুজ ও সদস্য বিষ্ণু পদ সরকার।
মতবিনিময়কালে পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন বলেন, সুনামগঞ্জ সম্প্রীতির জেলা। এখানে সকল ধর্মের মানুষের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে, তা অনন্য। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি পূজার সময় আজান ও নামাজের সময় মাইক বন্ধ রাখার আহ্বান জানান।
নেতৃবৃন্দ জানান, চলতি বছর সুনামগঞ্জ জেলা শহরসহ ১২টি উপজেলায় প্রায় ৪৫০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন।



















