স্টাফ রিপোর্ট:
ব্রিটিশবিরোধী আন্দোলনের কর্মী, সুনামগঞ্জ মহকুমা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের সংগঠক, ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির প্রবীণ নেতা কবি আবুল বশর আনসারী ইন্তেকাল করেছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সোয়া ৩টায় লন্ডনের হ্যাকনির হমারটন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা আবুল বশর আনসারী ৯২ বছর বয়সে মৃত্যুকালে তিনি ২ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ছেলে আবুল হাসনাত জানান জীবনের শেষ সময়ে তিনি বাংলাদেশে কাটাতে চেয়েছিলেন, সিলেট অঞ্চলে প্রবীণদের কাছে ‘বনগাঁওর বশর মিয়া’ নামে পরিচিত ছিলেন তিনি। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে লন্ডনের হ্যাকনির হমারটন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর আগে আবুল বশর আনসারীর শেষ ইচ্ছা ছিল সিলেট নগরীর চৌকিদেখি এলাকায় মায়ের কবরের পাশে যেন তাকে দাফন করা হয়।
তার জীবনের শেষ ইচ্ছা পূরণ করতে মরদেহ বাংলাদেশে নিয়ে আসার প্রস্তুতি চলছে বলে জানান হাসনাত। ত্রিকালদর্শী রাজনীতিক, কবি ও লেখক আবুল বশর আনসারীর কংগ্রেস, মুসলিম লীগ হয়ে সুনামগঞ্জ আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছে রাজনীতির বর্ণাঢ্য অতীত। ভারতের স্বাধীনতা সংগ্রাম ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে আবুল বশর সক্রিয় ভূমিকা রেখে ছিলেন। এছাড়াও ব্রিটেনে বাঙালি কমিউনিটির সুদৃঢ় অবস্থানের পেছনেও অন্যন্য অবদান রেখেছেন।
প্রয়াত কবি আনসারীর বড় মেয়ে জেনিত রহমান ব্রিটেনের টাওয়ার হেমলেটসের দুইবারের কাউন্সিলর এবং ছেলে আবুল হাসনাত ইনভেস্টমেন্ট ব্যাংকার এবং আমজাদ সোলেমান আনসারী ইউকে-বাংলা প্রেসক্লাবের সদস্য । মরহুম আবুল বশর আনসারী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মরহুম রইছ উদ্দিনের ভাই এবং সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমনের চাচা।
জ.টুডে-বি ডি নাথ