স্টাফ রিপোর্টার:
উপজেলার পৌর শহরের লুদরপুর এলাকায় নানার বাড়িতে বেড়াতে এসে রিয়াদ আহমদ(৯) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামের আশারক আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রিয়াদ আহমদ শনিবার বিকেল সাড়ে ৪টায় লুদরপুর এলাকার একটি বাড়ির সীমানা প্রাচীরের উপর দিয়ে হাটা অবস্থায় পা ফসঁকে যায়। এ সময় সীমানা প্রাচীরের উপরে থাকা বিদ্যুৎ সঞ্চালন লাইনে ধরে রিয়াদ নিজেকে বাঁচাতে চাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সীমানা প্রাচীরের নীচে পড়ে যায়। লুদরপুর এলাকার আমিনুর রশীদের ছেলে আলাউর রহমান জানান, স্থানীয় ভবের বাজার থেকে বাড়ি ফেরার পথে রিয়াদ আহমদকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখি। বিষয়টি রিয়াদ আহমদের মামা আকমল হোসেনকে জানানো হলে আকমল হোসেন সহ এলাকার লোকজন ছুটে এসে রিয়াদকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদ আহমদকে মৃত ঘোষনা করেন। নিহত রিয়াদ আহমদের মামা আকমল হোসেন জানান, রিয়াদ আহমদ সীমানা প্রাচীর থেকে নীচে পড়ে যাওয়ার সময় বিদ্যুৎ সঞ্চালন লাইনে ধরে সে নিজেকে বাঁচাতে চাইলে বিদ্যুতের তারে জড়িয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদিকে শিশু রিয়াদ আহমদ বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হওয়ার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়াওজগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু নিহত রিয়াদ আহমদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। খবর পেয়ে তাৎক্ষনিকভাবে নিহত রিয়াদ আহমদের নানার বাড়ি লুদরপুর এলাকায় যান। সেখানে শোকাহত পরিবার ও আত্মীয় স্বজনের প্রতি সমবেদনা জানান।