জগন্নাথপুরে স্কুলে যাওয়ার পথে নৌকা থেকে হাওরে পড়ে ২য় শ্রেনীর ছাত্রের মৃত্যু
- Update Time : ০৯:২৬:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
- / 801
স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র ইসমাঈল আলী শনিবার (৩ আগষ্ট) সকাল সাড়ে ৯টায় নৌকা যোগে স্কুলে যাওয়ার পথে নৌকা থেকে পড়ে হাওরের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ইসমাঈল আলী পাইলগাঁও ইউনিয়নের আলাগদি কদমতলা গ্রামের সানুর আলীর ছেলে। নিহত স্কুল ছাত্র ইসমাঈল আলীর পিতা সানুর মিয়া জানান, সকাল সাড়ে ৯টায় প্রতিদিনের ন্যায় ইসমাঈল আলী নৌকা দিয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে সাতা হাওরের পানিতে পড়ে ডুবে যায়। তার ব্যবহৃত নৌকাটি পানিতে ভাঁসতে দেখে সন্দেহ হলে স্কুলে খোঁজ নিয়ে দেখা যায় সে স্কুলে আসেনি। প্রায় ২ঘন্টা এলাকাবাসীর সহযোগিতায় হাওরের পানিতে তল্লাশী চালিয়ে আমার শিশু পুত্র ইসমাঈল আলীর মৃত দেহ উদ্ধার করা হয়। বাদ জুহুর জানাযার নামাজ শেষে তাকে দাফন করা হয়েছে। এদিকে স্কুল ছাত্র ইসমাঈল আলীর মৃত্যুর সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: ইয়াসির আরাফাত দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখানে তিনি শোকাহত পরিবারকে শান্তনা দেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০হাজার টাকা নিহত স্কুল ছাত্র ইসমাঈল আলীর পিতা সানুর আলীর হাতে তুলে দেন।










