স্টাফ রিপোর্টার :
উপজেলা পর্যায়ে ইনোভেশন শোকেসিং কার্যক্রমের আওতায় সুনামগঞ্জ জেলার প্রথম স্থান অর্জন করেছে জগন্নাথপুর উপজেলা। মাদার্স এম্বুল্যান্সের মাধ্যমে প্রসূতি মায়েদের ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা ও নিকটস্থ কমিউনিটি ক্লিনিকে স্থানান্তর কর্মসূচী বিষয়ক ইনোভেশন আইডিয়া বাস্তবায়নের জন্য সুনামগঞ্জ জেলার মধ্যে জগন্নাথপুর উপজেলা প্রথম স্থান অধিকার করে। সুনামগঞ্জ জেলা প্রশাসনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং এটুআই প্রোগ্রামের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের সামনে আয়োজিত সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো: হারুন অর রশীদের কাছ থেকে উপজেলা পর্যায়ে ইনোভেশন শোকেসিং আইডিয়া পুরস্কার গ্রহণ করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম। এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর জগন্নাথপুর উপজেলা সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্তী উপস্থিত ছিলেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জানান, ইনোভেশন আইডিয়া বাস্তাবায়নের জন্য সুনামগঞ্জ জেলার মধ্যে জগন্নাথপুর উপজেলা প্রথম স্থান অর্জন করে। তিনি উপজেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়িত এই কার্যক্রমে সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জগন্নাথপুর উপজেলা পরিষদ ও সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার এর প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে ভাল কাজের স্বীকৃতি দিয়ে অনুপ্রাণিত করার জন্য জেলা প্রশাসক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।