স্টাফ রিপাের্টার:
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে জনসাধারণকে সচেতন করার লক্ষে প্রচারণার পাশাপাশি হাট বাজার ও সড়ক পথে লোক সমাগম বন্ধ রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে ।
প্রশাসনের টানা কদিনের প্রচারণায় জনসাধারণ এবং হাট বাজারের ব্যবসায়ীরা এখনোও পুরোদমে সচেতন না হওয়ায় সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে এ্যাকশনে নেমেছেন। আজ বুধবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম , উপজেলা সহকারি কমিশনার ভূমি মো: ইয়াসির আরাফাত , সহকারি পুলিশ সুপার সার্কেল মাহমুদুল হাসান চৌধুরী, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী সহ পুলিশ সদস্যরা দিনভর উপজেলা সদর, পৌর শহর , চিলাউড়া বাজার , ভবের বাজার ও সৈয়দপুর বাজার সহ বিভিন্ন হাট বাজার এবং মার্কেট বিপনী বিতান গুলোতে এ্যাকশন চালিয়েছেন।
অভিযান চলাকালে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহ্ফুজুল আলম মাসুম সরকারি নির্দেশ অমান্য করার অপরাধে ভবের বাজার ও সৈয়দপুর বাজারে দুটি সিএনজি অটোরিকশা চালকে অর্থদন্ড প্রদান করেছেন। অভিযান চলাকালে সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের গাড়ি পৌছার সাথে সাথেই হাট বাজার ও সড়ক পথের লোকজন নিরাপদ স্থানে ছোটা ছুটি শুরু করেন। এসময় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ হাট বাজার গুলোতে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন থাকতে লোকজনদের সচেতন থাকার পরামর্শ দেন ।
এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে মাইকিং এর মাধ্যমে জরুরী ঘোষনায় জানানো হয় ,ঔষধের দোকান , কাচাঁবাজার , মুদি দোকান ও জরুরী খাদ্য সামগ্রীর দোকান ব্যতীত অন্যান্য সকল ধরণের ব্যবসা প্রতিষ্ঠান , দোকানপাঠ ,গণপরিবহন , পশুর হাট সহ জনসমাগম হয় এমন কার্যক্রম সম্পূর্ণরুপে বন্ধ রাখা সহ জরুরী প্রয়োজন ছাড়া একাধিক লোক একসাথে চলাফেরা কিংবা বসে আড্ডা দেওয়া যাবে না এমন প্রচারণার পাশাপাশি প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে সবাইকে সেইফ হোমে থাকার নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম ।