পাসপোর্টের স্বাভাবিক কার্যক্রম শুরু

জগন্নাথপুর টুডে ডেস্ক::

করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল পাসপোর্ট পরিষেবা। এসময়ে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও জরুরি আবেদনকারীদের পাসপোর্ট সেবা দেয়া হয়েছে। তবে বন্ধ ছিল নতুন পাসপোর্ট ইস্যু। দীর্ঘ বিরতির পর আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শুরু হচ্ছে পাসপোর্ট ইস্যুর কাজ।

বুধবার (১৯ আগস্ট) এক অফিস আদেশে এ তথ্য জানায় বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক (পাসপোর্ট, ভিসা ও পরিদর্শন) মো: সাঈদুর রহমান মহাপরিচালকের পক্ষে আদেশে স্বাক্ষর করেন।এতে বলা হয়, স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সীমিত পরিসরে এমআরপি এবং ই-পাসপোর্টের এবোলমেন্ট (নতুন ও রি-ইস্যু) কার্যক্রম পরিচালিত হবে।

এ বিষয়ে আগের জারি করা সব আদেশ বাতিল করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে ২৬ মার্চ থেকে সব নতুন আবেদনের কার্যক্রম বন্ধ থাকলেও ৩১ মে থেকে শুধু সীমিত আকারে রি-ইস্যু কার্যক্রম চালু রাখে পাসপোর্ট অধিদপ্তর। তবে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জরুরি আবেদনকারীদের জন্য তা উন্মুক্ত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *