জগন্নাথপুরে নলজুর নদী খনন কাজ শুরু

স্টাফ রিপোর্টার :
জগন্নাথপুর উপজেলার পৌর শহর দিয়ে বহমান নলজুর নদীর নাব্যতা ফিরিয়ে আনতে পানি উন্নয়ন বোর্ড পাউবো কর্তৃক খনন কাজ শুরু করা হয়েছে। সোমবার ( ১৮ জানুয়ারী) দুপুরে শহরের বাদাউড়া এলাকায় খনন কাজের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসান।

এসময় পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী আক্তারুজ্জামান আক্তার, এলজিইডি প্রকৌশলী গোলাম সারোয়ার, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন খান, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সতিশ গোস্বামী, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, যুগ্ম সম্পাদক অমিত দেব, জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

পাউবোর জগন্নাথপুর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী হাসান গাজী জানান, পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৫ কোটি টাকা ব্যায়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশন টেক কমিউনিকেশন লিমিটেড ঢাকার তত্ত্বাবধানে উপজেলার নলজুর নদীর বাদাউড়া থেকে এরালিয়া বাজার পর্যন্ত ৫ কিলোমিটার এলাকাজুড়ে খনন কাজ শুরু হয়েছে। চলতি বছরের ৩০ জুনের মধ্যে খনন কাজ শেষ হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, খনন কাজে কোন ধরনের অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও নলজুর নদীর খনন কাজ শেষ হলে উপজেলার বৃহৎ নলুয়া, মইয়া ও পিংলার হাওর সহ ছোট বড় হাওরগুলো বোরো ফসল রক্ষা পাবে। পাশাপাশি জলাবদ্ধতা থেকে পূর্বাঞ্চলের মানুষ উপকৃত হবেন।

জ. টুডে/ এ হাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *