স্টাফ রিপোর্টার:-
বিপুল উৎসাহ উদ্দীপনায় সুষ্ঠু ও শান্তিপূর্ন আনন্দমূখর পরিবেশে স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের ১১নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনে যুক্তরাজ্য প্রবাসী প্রখ্যাত গীতিকবি বিশিষ্ঠ শিক্ষানুরাগী সাবেক কৃতি ফুটবলার আলহাজ¦ সৈয়দ দুলাল বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা-২টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছাড়াও ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সদস্যাগন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে তালা প্রতীক নিয়ে আলহাজ¦ সৈয়দ দুলাল পেয়েছেন ৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী সমছু মিয়া (টিউবওয়েল) প্রতীকে পেয়েছেন ২২ ভোট। নির্বাচনের প্রিজাইটিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম মুখলেছুর রহমান ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষনা করেন। জেলা পরিষদের সদস্য পদে বিজয়ী ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মূখ জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কৃতি সন্তান গীতিকবি সৈয়দ দুলাল বিপুল ভোটে তাকে বিজয়ী করায় ভোটারদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
সুনামগঞ্জ জেলা পরিষদ ও নির্বাচন কার্যালয় সূত্রে জানাযায়, জেলা পরিষদের ১১নং ওয়ার্ড সদস্য সৈয়দ সাব্বির আহমদ গত বছরের ১৯ ডিসেম্বর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। ফলে ওয়ার্ডটি শুন্য ঘোষনা করা হয়। পরে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন হলে করোনা সংক্রমনের কারনে নির্বাচনটি স্থগিত ঘোষনা করা হয়।
সর্ব শেষ ঘোষনা অনুযায়ী আজ এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিদ্বন্ধী ৩জন প্রার্থীর মধ্যে জাহাঙ্গীর হোসেন কোরেশী মনোনয়নপত্র দাখিল করে ঘুড়ি প্রতিক পেয়ে নির্বাচন থেকে সরে যান। বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন। নির্বাচনে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছাড়াও পাটলী, মিরপুর, চিলাউড়া হলদিপুর, রানীগঞ্জ, সৈয়দপুর শাহারপাড়া, আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ ভোটার হিসেবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
জ.টুডে/ আব্দুল হাই