পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির উদ্যোগে ৩৮ প্রতিযোগীকে সম্মাননা স্মারক প্রদান
- Update Time : ০১:৪৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 14
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী করে গড়ে তোলার পাশাপাশি সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি। এরই ধারাবাহিকতায় শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে আয়োজিত আরতি প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে ৩৮টি সম্মাননা স্মারক বিতরণ করেছে সংগঠনটি। এছাড়া দুটি মন্দিরের আয়োজনে সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিদের সম্মান জানিয়ে ৮টি শারদীয় সম্মাননা উপহার প্রদান করা হয়।
গত সোমবার (১৯ অক্টোবর) রাতে পূর্বধলা উপজেলা সার্বজনীন কেন্দ্রীয় পূজা মন্দির ও উত্তর পূর্বধলা সার্বজনীন কালী মন্দিরে পৃথকভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজিত কর্মসূচি দুটি বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্দির কমিটিগুলো সার্বিক সহযোগিতা করে।
পূর্বধলা উপজেলা সার্বজনীন কেন্দ্রীয় পূজা মন্দিরে আয়োজিত আরতি প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের মধ্যে সমিতির পক্ষ থেকে ২০টি সম্মাননা স্মারক বিতরণ করা হয়।
অন্যদিকে, উত্তর পূর্বধলা সার্বজনীন কালী মন্দিরে আয়োজিত আরতি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে আরও ১৮টি সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি দুটি মন্দিরের আয়োজনে সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিদের সম্মান জানিয়ে সমিতির পক্ষ থেকে ৮টি শারদীয় সম্মাননা উপহার দেওয়া হয়।
সংগঠনটির সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চায় তরুণ প্রজন্মকে উৎসাহিত করা, তাদের সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানো এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এ ধরনের আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে সহায়তা করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠিত স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি ২০২২ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয় থেকে নিবন্ধন লাভ করে। সংগঠনটির নিবন্ধন নম্বর নেত্র-০৭৪। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি যুব উন্নয়ন, কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংগঠনটির কার্যক্রমের মধ্যে রয়েছে গরু মোটাতাজাকরণ, গবাদিপশু পালন, হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ, সেলাই, নকশিকাঁথা তৈরি, কুটিরশিল্প ও কম্পিউটার প্রশিক্ষণ। এছাড়া মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, দুর্যোগকালে সহায়তা, ঈদ উপহার ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে সংগঠনটি।
স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি হারাধন সূত্রধর (আরাধন) বলেন, “যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের উৎসাহিত করা আমাদের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও যুব উন্নয়ন, মানবিক সহায়তা ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়দের মতে, যুব উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তরুণদের উৎসাহিত করতে স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখছে। ভবিষ্যতেও সংগঠনটির এমন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তাঁরা।



















