সুনামগঞ্জে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- Update Time : ০৫:২৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 4
একে মিলন, সুনামগঞ্জ থেকে:
রক্ত, সংগ্রাম ও গৌরবের ৫ বছর পেরিয়ে ৬ষ্ঠ বছরে পদার্পণ করেছে রাজনৈতিক দল ‘গণঅধিকার পরিষদ’। এ উপলক্ষে সোমবার দুপুরে গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের পৌর বিপণীর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সাবেক সভাপতি মাওলানা আলী আসগরের সভাপতিত্বে এবং সুজন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সহ-সভাপতি শাহাব উদ্দিন শিহাব।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি হান্নান আকাশ এবং সাবেক সাধারণ সম্পাদক এম এ বারী সিদ্দিকী। অনুষ্ঠানে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পর্তুগাল প্রবাসী রিপন মাহমুদ।
এছাড়াও আরও বক্তব্য রাখেন জেলা কমিটির অর্থ সম্পাদক ফরহাদ আহমদ, আব্দুল মান্নান, রাজু আহমেদসহ যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার আদায় এবং গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার লড়াইয়ে গণঅধিকার পরিষদ অতীতেও রাজপথে সোচ্চার ছিল, আগামীতেও জনগণের অধিকার রক্ষায় রাজপথে সক্রিয় থাকবে।
সভা শেষে কেক কেটে দলটির ৬ষ্ঠ বছরে পদার্পণ উদযাপন করা হয়।



















