খুবির পরিবহন পুলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ কর্মসূচি শুরু
- Update Time : ১২:৫৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / 11

খুলনা প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পরিবহন পুলের ড্রাইভার ও কর্মচারীদের জন্য এক অনন্য ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিবহন পুল ও ‘ভিশনস্প্রিং বাংলাদেশ’-এর যৌথ উদ্যোগে শুরু হয়েছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং চশমা প্রদান কর্মসূচি।
আজ রোববার (১২ জুলাই) সকাল ১০:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল ক্লাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মানবিক ও সচেতনতামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
চালকদের দৃষ্টির স্বচ্ছতা দুর্ঘটনা রোধে নিয়ামক: উপাচার্য
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, “যানবাহন চালনার ক্ষেত্রে ড্রাইভার এবং হেল্পারদের দৃষ্টির স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চালকের দৃষ্টিশক্তি দুর্বল হওয়া বা ঝাপসা দেখার কারণে যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।” তিনি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালক ও তাদের সহযোগীদের নিয়মিত চোখ পরীক্ষা করার ওপর বিশেষ জোর দেন।
ভিশনস্প্রিংয়ের এই বিনামূল্যের সেবাদান কর্মসূচিকে স্বাগত জানিয়ে তিনি বলেন,এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের পরিবহন চালক ও সহযোগীদের আরও নিরাপদে ও দক্ষতার সাথে গাড়ি চালনায় অনুপ্রাণিত করবে।একই সাথে তিনি পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদেরও এই চক্ষুসেবার আওতায় আনার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য ও উপস্থিতি
পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. আব্দুস সোবহান মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে চক্ষুস্বাস্থ্য ও এর সচেতনতা নিয়ে বিশদ আলোচনা করেন ভিশনস্প্রিং বাংলাদেশ প্রজেক্টের পরিচালক মোহাম্মদ শাহরোজ জলিল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রজেক্টের সহযোগী পরিচালক (ভিএপি) উম্মে সাউদা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের উপ-প্রধান প্রকৌশলী শাহ নওরোজ, এস্টেট শাখা প্রধান এস এম মোহাম্মদ আলীসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



















