স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ভিক্ষুক পুর্নবাসনে বাছাই কার্যক্রম শুরু করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়নে ভিক্ষুক বাছাই কার্যক্রমের প্রথম দিন উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম এর উপস্থিতিতে ভিক্ষুকদের তালিকা প্রস্তুত করা হয়েছে। রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রদীপ কুমার দেব সহ ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যাগন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম সাক্ষরিত তথ্যে জানানো হয়, নির্ধারিত তারিখ ও সময়ে পৌরসভা ও ইউনিয়ন পরিষদে ভিক্ষুক বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আশারকান্দি, দুপুর ১২টায় সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন এবং ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় মীরপুর, দুপুর ১২টায় পাটলী ইউনিয়ন, ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় চিলাউড়া-হলদিপুর, দুপুর ১২টায় কলকলিয়া ইউনিয়ন পরিষদ এবং ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় জগন্নাথপুর পৌরসভায় ভিক্ষুক বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা জানান, ভিক্ষুক বাছাই কার্যক্রমে ৩৬জন প্রকৃত ভিক্ষুকদের তালিকা প্রস্তুত করা হয়েছে। পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া জানান, ইউনিয়নের ৫৫জন প্রকৃত ভিক্ষুকদের তালিকা প্রস্তুত করা হয়েছে। এদিকে নির্ধারিত তারিখ ও সময়ে স্ব স্ব ইউনিয়ন পরিষদে প্রকৃত ভিক্ষুকদের উপস্থিত হয়ে নাম তালিকাভুক্ত করতে হবে। ভিক্ষুক ছাড়া অন্য কোন পেশার লোক তালিকা প্রস্তুত কার্যক্রমে উপস্থিত না হওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে তথ্যে বিবরণীতে জানানো হয়েছে।