জগন্নাথপুরে প্রেম সংক্রান্ত কারনে মামুনকে হত্যা করা হয়
- Update Time : ১০:৩৯:১২ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯
- / 959
স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে চাঞ্চল্যকর সিএনজি অটোরিকসা চালক মামুন আহমদ হত্যাকান্ডের প্রধান খুনী উত্তম দাশকে (৩০) পুলিশ গ্রেফতার করেছে। রবিবার জগন্নাথপুর থানার ওসি তদন্ত নব গোপাল দাশের নেতেৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রাজিব রহমান সহ পুলিশদল জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের খানপুর গ্রামে অভিযান চালিয়ে উত্তম দাশকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উত্তম দাশ ওই ইউনিয়নের খানপুর গ্রামের বীরেশ দাশের ছেলে। উত্তম দাশকে পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে আজ সোমবার (২১ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে উত্তম দাশ মামুন হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রাজিব রহমান জানান, মামুন হত্যার প্রধান খুনী উত্তম দাশকে খানপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। উত্তম দাশের কাছ থেকে নিহত মামুনের ব্যবহৃত সিএনজি অটোরিকসার চাবি, গলার চেইন, মোবাইল ফোন এবং হত্যার কাজে ব্যবহৃত একটি কাঠের রুইল উদ্ধার করা হয়েছে। প্রেম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সিএনজি অটোরিকসা চালক মামুনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানায়। এছাড়াও সোমবার আদালতে দেয়া ১৬৪ ধারা জবানবন্ধীতে মামুনকে হত্যা করার কথা স্বীকার করেছে উত্তম দাশ। এদিকে চাঞ্চল্যকর মামুন আহমদ হত্যাকান্ডের ৩দিন পর নিহতের ভাই মো: আলম বাদী হয়ে রবিবার রাতে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। উল্লেখ্য, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের আব্দুল মালিকের ছেলে সিএনজি অটোরিকসা চালক মামুন আহমদ (২০) নিখোঁজ হওয়ার ১৫ঘন্টা পর শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের খানপুর ও আলীপুর গ্রামের মধ্যবর্তী খালের কচুরিপানা থেকে মামুন আহমদের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে জগন্নাথপুর থানা পুলিশ।










