স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে থানা পুলিশের উদ্যোগে ভোলার বুরহান উদ্দিনের উদ্ভুত পরিস্থিতি প্রতিরোধে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে নিয়ে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, মাওলানা এমদাদ উল্লাহ। অন্যাদের মাঝে বক্তব্য রাখেন দৈনিক মানব জমিন প্রতিনিধি শংকর রায়, মাওলানা সাইফুল ইসলাম প্রমূখ। সভায় বক্তারা বলেন, সম্প্রতি ফেসবুকে গুজব ছড়িয়ে ভোলার বুরহান উদ্দিনে উদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়। এ ঘটনা নিয়ে যাতে জগন্নাথপুরে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে। আগামী শুক্রবার জুম্মার নামাজে প্রকৃত ঘটনা জানিয়ে বয়ান পেশ করতে মসজিদের ইমামদের প্রতি আহবান জানানো হয়।