জগন্নাথপুরে লুদরপুরের আপসানা ব্রিটিশ এমপি নির্বাচিত হয়েছেন

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পৌরশহরের লুদরপুর এলাকার বাসিন্দা লন্ডন টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র মরহুম মো: মনির উদ্দিন ময়না মিয়ার মেয়ে আপসানা ব্রিটিশ এমপি নির্বাচিত হয়েছেন । পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইমহাউজ আসন থেকে প্রথমবারের মতো ব্রিটিশ এমপি নির্বাচিত হন আপসানা বেগম । আপসানার জন্ম ও বেড়ে ওঠা টাওয়ার হ্যামলেটসেই। এমপি নির্বাচনে লেবার দলের প্রার্থী আপসানা পেয়েছেন ৩৮ হাজার ৬শ ৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী শন ওক পেয়েছেন ৯ হাজার ৭শ ৫৬ ভোট। প্রথমবারই বিপুল ভোটের ব্যবধানে জয় পেলেন আপসানা। এমপি নির্বাচিত হওয়ার খবরে আপসানার নিজ এলাকা পৌর শহরের লুদরপুর এলাকা সহ পুরো উপজেলা ব্যাপি জনসাধারনের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে । ইতো মধ্যে লুদরপুর এলাকা সহ শহরের বিভিন্ন পাড়া মহল্লায় মিষ্টি বিতরণের পাশাপাশি উৎসবে মেতে উঠেছেন । আপসানার পিতা মরহুম মো: মনির উদ্দিন ময়না মিয়ার ঘনিষ্ট বন্ধু লুদরপুর এলাকার বাসিন্দা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ বিপুল ভোটে আপসানা বিজয়ী হওয়ায় ব্যাপক আনন্দিত হয়ে তার নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি অভিনন্দন জানিয়েছেন। পপলার অ্যান্ড লাইমহাউজ পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার লেবার দলের নিরাপদ আসন হিসেবে পরিচিত। প্রায় দুই দশক ধরে এ আসনে এমপি ছিলেন লেবার দলের জিম ফিটজপেট্রিক। অনেকটা চমক জাগিয়ে লেবার দলের মনোনয়ন কেড়ে নেন রাজনীতিতে অপেক্ষাকৃত তরুণ বাঙালি কন্যা আপসানা বেগম। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আবাসন বিভাগে কর্মরত আপসানা বেগম লেবার পার্টির টাওয়ার হ্যামলেটস শাখার সহ-সভাপতি। তিনি লেবার দলের লন্ডন রিজিয়ন শাখার সদস্য। এক ভাই ছয় বোনের মধ্যে আপসানা পঞ্চম। মা সৈয়দা নাজমা বেগমকে নিয়ে নব-নির্বাচিত ব্রিটিশ এমপি আপসানা বসবাস করছেন । আপসানার পৈতৃক নিবাস জগন্নাথপুর উপজেলার পৌর শহরের লুদরপুর এলাকায় পুরোনো আঙ্গিকের দালান ঘরটি তার চাচাতো ভাইয়েরা দেখাশোনা করছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *