জগন্নাথপুরে বোরোফসল রক্ষায় হাওরের ৪৫টি বেড়িবাঁধ নির্মাণের জন্য এখনও ৪৪টি পিআইসি প্রকল্পের কার্য্যাদেশ দেয়া হয়নি: শংকিত কৃষকরা

জগন্নাথপুর প্রতিনিধি::

অকাল বন্যার কবল থেকে হাওরের  বোরো ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক জগন্নাথপুর উপজেলার বৃহৎ নলুয়া ও মইয়ার হাওর সহ পুরো উপজেলায়  বেড়ি বাঁধের ৪৫টি প্রকল্পের মধ্যে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত একটি ছাড়া  ৪৪টি প্রকল্পের কার্য্যাদেশ এখনও দেয়া হয়নি। ফলে নির্ধারিত সময়ের ১০ দিন অতিবাহিত হলেও এখনোও  এসব প্রকল্পের কাজ শুরু না হওয়ায় ফসল রক্ষা বাধঁ নিয়ে চরম উদ্বেগ উৎকন্ঠায় রয়েছেন কৃষকরা। ১৫ ডিসেম্বর থেকে প্রতিটি বেড়িবাঁধের কাজ শুরু হওয়ার নির্ধারিত সময় থাকলেও এখনোও কাজ  শুরু  হয়নি। পানি উন্নয়ন বোর্ড জগন্নাথপুর উপজেলা কার্যালয় সূত্রে জানাযায়,  বোরো ফসলরক্ষায় হাওরের বেড়িবাঁধ সংস্কার/নির্মাণ কাজের জরিপ সম্পন্ন করে গণশুনানির মাধ্যমে এবার পুরো উপজেলায় ৩ কোটি টাকা ব্যয়ে ৪২.৩১০ কিলোমিটার এলাকায় ৪৫টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করে নীতিমালা অনুসারে ১৫ ডিসেম্বর  জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরের পাশে নলুয়ার হাওরের পোন্ডার-২ এর আওতায় ৩২ নং প্রকল্পে কাজের শুরু হয়। ওই একটি প্রকল্প ছাড়াও বুধবার পর্যন্ত অন্য কোনো  প্রকল্পের কাজ শুরু হয়নি। আজ শুক্রবার পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান নলুয়ার হাওরে ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ উদ্বোধন করার মাধ্যমে কাজ শুরু হবে বলে ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে। পানি উন্নয়ন বোর্ড জগন্নাথপুরের  উপ সহকারি প্রকৌশলী হাসান গাজী জানান , ৪৫ টি প্রকল্পের মধ্যে একটি প্রকল্পের কার্য্যাদেশ পাওয়া গেছে। অন্য ৪৪টি প্রকল্পের কার্য্যাদেশ এখনও পাওয়া যায়নি। আশা করছি,শীঘ্রই  কার্য্যাদেশ পাওয়া যাবে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম জানান, নির্ধারিত সময়ের মধ্যে হাওরের ফসলরক্ষা বেড়িবাঁধের কাজ শেষ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *