স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে র্যাব-৯ এর অভিযানে পাইপগানসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃতরা হচ্ছে জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর এলাকার মৃত কনাই মিয়ার ছেলে মো: শাহজাদ মিয়া(২৪) ও লুদরপুর এলাকার মৃত আলকাব আলীর ছেলে মো: আকমল হোসেন (৩২) । শুক্রবার (২০ মার্চ) রাত ৮টা ৫৫ মিনিটের সময় র্যাপিড একশন ব্যটালিয়ন র্যাব-৯ এর সিপিসি -১ সিলেট ক্যাম্পের অপারেশন কমান্ডার এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে একটি আভিযানিক দল অবৈধ অস্ত্র উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর শহরের ভবের বাজারস্থ একটি দোকানের সামন থেকে পাইপগান সহ অস্ত্র ব্যবসায়ী শাহজাদ মিয়া ও আকমল হোসেনকে গ্রেফতার করেন। র্যাব-৯ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় ,উদ্ধারকৃত আলামত সহ আসামীদেরকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে । জগন্নাথপুর থানার ওসি তদন্ত মোছলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে । আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে ।