জগন্নাথপুর পৌরসভা ও সৈয়দপুর -শাহারপাড়া ইউনিয়নকে রেড জোন ঘোষনা :: জনসাধারণকে সর্তক রাখতে প্রচারণায় প্রশাসন

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরসভা ও সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নকে রেড জোন ঘোষনার পর আজ মঙ্গলবার (১৬জুন) সকাল ১০টা থেকে লকডাউন চলছে। তবে সকাল থেকে পৌর শহরে মিনিবাস ছাড়া ছোট ছোট অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা গেছে।

প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে মাঠে নেমেছে। দুপুর সাড়ে ১২ টার দিকে স্থানীয় পৌর পয়েন্ট এলাকায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

এদিকে রেড জোন ঘোষনার পর শহরের জগন্নাথপুর-সুনামগঞ্জ- বাস স্ট্যান্ড থেকে সুনামগঞ্জে যাত্রীবাহী বাস চলাচল করেনি। এছাড়াও জগন্নাথপুর-সিলেট বাস স্ট্যান্ড থেকেও সিলেট শহরের উদ্যেশে কোন বাস সরাসরি চলাচল করেনি । তবে পৌরসভার শেষ সীমান্ত এলাকা থেকে সিলেটের সঙ্গে বাস চলাচল করছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জানান, জগন্নাথপুর পৌরসভা ও সৈয়দপুর-শাহারপাড়ায় করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সরকারী সিদ্ধান্তের আলোকে ওই দুই এলাকাকে রেড জোন চিহ্নিত করা হয়। যারপ্রেক্ষিতে আজ সোমবার থেকে কার্যকর করতে আমরা মাঠে কাজ করছি।

প্রসঙ্গত: সম্প্রতি জগন্নাথপুরে মোট ৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে ৮ জন সুস্থ হয়েছেন। এবং ৪১ জন হাসপাতাল ও হোম আইসোলেশনে রয়েছেন ।

উপজেলার মধ্যে সর্বোচ্চ পৌর শহরে করোনা আক্রান্ত সংখ্যা ২৮ জন এবং সৈয়দপুর এলাকায় ৯জন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *