জগন্নাথপুরে হাওরের পানির ঢেউয়ে এলজিইডি সড়ক বিলীন হয়ে যাচ্ছে

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলায় ঘরবাড়ি এবং সড়কপথ থেকে বন্যার পানি ধীর গতিতে কমতে থাকায় চরম দূর্ভোগে রয়েছেন পৌর শহর এবং বিভিন্ন ইউনিয়নের লক্ষাধিক মানুষ। এদিকে নদী ও হাওরের পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এলজিইডির জগন্নাথপুর -চিলাউড়া সড়কের প্রায় অর্ধ কিলোমিটার সড়কপথ মইয়ার হাওরের পানির প্রচন্ড ঢেউয়ের আঘাতে বিলীন হয়ে যাচ্ছে ।

বৃহস্পতিবার রাত থেকে শুরু করে এখনো পর্যন্ত ঢেউয়ের কবল থেকে সড়কটি রক্ষায় পৌরসভার সাবেক কমিশনার লুৎফুর রহমান ও বর্তমান কাউন্সিলার দ্বিপক গোপ সহ স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমে কাজ করছেন। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে জগন্নাথপুর উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের প্রায় অর্ধ শতাধিক গ্রাম বন্যা কবলিত হয় ।

স্থানীয়রা জানান, মইয়ার হাওরের পানির প্রচন্ড ঢেউয়ের আঘাতে এলজিইডির জগন্নাথপুর -চিলাউড়া সড়কের পৌর এলাকার বৈঠাখালী সেতুর পশ্চিম পাশ থেকে যাত্রাপাশা এলাকা পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার সড়ক বিলীন হয়ে যাচ্ছে। ফলে জগন্নাথপুরের সাথে ভাটির জনপদ চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশংকা দেখা দিয়েছে।

এদিকে গত মাসের শেষের দিকে সড়কটির ভাঙ্গন কবলিত এলাকায় উপজেলা পরিষদের অর্থায়নে মাটি বর্তী জিআই বস্তা দেয়ার কারণে সড়কটির কিছু অংশ ঢেউয়ের কবল থেকে রক্ষা পায়। অব্যাহত বৈরী বাতাসে হাওরের ঢেউয়ের কারণে নতুন করে সড়কটির অর্ধ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙ্গনের সৃষ্ঠি হয়।

এলজিইডির উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার জানান, ক্ষতিগ্রস্থ সড়কটি পরিদর্শন করা হয়েছে। হাওরের ঢেউয়ে কবল থেকে সড়কটি রক্ষায় প্রয়োজণীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *