স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে সাড়ে ৩ লক্ষ টাকা মূল্যের ভারতীয় নাসির উদ্দিন বিড়ি সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জগন্নাথপুর থানার এএসআই মনির হোসাইন তালুকদার ও এসআই দীপংকর সরকার সহ একদল পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে জগন্নাথপুর পৌর শহরের পৌর পয়েন্ট এলাকায় একটি প্রাইভেটকারকে ধাওয়া করেন। এসময় চোরাকারবারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকারটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে ব্যর্থ হয়।
চোরাকারবারীদের ব্যবহৃত প্রাইভেটকারটি নিয়ন্ত্রন হারিয়ে শহরের মাছের আড়ৎ এলাকায় একটি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে আটকে যায় । এসময় পুলিশ ও স্থানীয় জনতা প্রাইভেটকারটি ঘীরে রাখে। পরে পুলিশ প্রাইভেটকারটি তল্লাশি করে গাড়ীর ভেতরে থাকা সাড়ে ৩ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ ঘোষিত আড়াই লাখ ভারতীয় নাসির উদ্দিন বিড়িসহ প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
এসময় পুলিশ প্রাইভেটকারে থাকা চোরাকারবারী সিলেট জেলার ওসমানীনগর উপজেলার সিকন্দরপুর গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে ইমন মিয়া (৩০) ও বালাগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আজাদ মিয়ার ছেলে ফজলুর রহমানকে (২৮) গ্রেফতার করা হয়।
থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, আটককৃত ভারতীয় নাসির উদ্দিন বিড়ির আনুমানিক মূল্য সাড়ে ৩ লক্ষ টাকা। গ্রেফতারকৃতদের ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, ৩ দিন পূর্বে ১ চোরাকারবারী সহ নাসির উদ্দিন বিড়ির বিশাল চালান আটক হয়।
জগন্নাথপুর উপজেলায় মাদক সহ সকল প্রকার অপরাধ প্রবনতা প্রতিরোধে পুলিশের সারাশী অভিযান অব্যাহত থাকার কথা জানিয়েছেন জগন্নাথপুর থানার চৌকস ও দক্ষ অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী।