স্টাফ রিপোর্টার :
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার প্রধান আসামী মো: আকিক মিয়া উরফে সোনা মিয়াকে (৪৬) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আকিক মিয়া জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বাদে খাশিলা গ্রামের মৃত হাজি কালা মিয়ার ছেলে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, বৃহস্পতিবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তার নেতৃত্বে পুলিশদল বাদে খাশিলা গ্রামে অভিযান চালিয়ে আকিক মিয়াকে গ্রেফতার করা হয়।
আজ শুক্রবার গ্রেফতারকৃত আকিক মিয়াকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলার বিবরণে জানাযায়, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বাদে খাশিলা গ্রামের মো: রব্বানী মিয়া একই গ্রামের লন্ডন প্রবাসী আকিক মিয়া উরফে সোনা মিয়ার কাছে টাকা পান।
পাওনা টাকা চাওয়ায় গত ২১ এপ্রিল দুপুর ২টায় আকিক মিয়া সহ তার অন্যান্য সহযোগিরা সাবেক ইউপি সদস্য রব্বানী মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এক পর্যায়ে হামলাকারীরা রব্বানী মিয়ার বাম পায়ে এলোপাতাড়ি আঘাত করে পায়ের আঙ্গুল সহ বিভিন্ন স্থানে হাড় ভাঙ্গা জখম করে। এ ঘটনায় রব্বানী মিয়া বাদি হয়ে আকিক মিয়া উরফে সোনা মিয়াকে প্রধান আসামী করে ৭জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩/৪জনের বিরুদ্ধে ২৬ এপ্রিল জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।