পূর্বধলায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪
- Update Time : ০৭:৩৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / 12

হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় সারবোঝাই ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত চারজন। নিহতরা সবাই হজরত শাহ সুলতান কমরউদ্দিন রুমী (রহ.)-এর ওরসে যোগ দিতে নেত্রকোনার মদনপুরে যাচ্ছিলেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ভক্তদের বহনকারী একটি পিকআপভ্যান নেত্রকোনার মদনপুরের দিকে যাচ্ছিল। পথে নারান্দিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সারবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পুলিশ আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও নেত্রকোনা জেলা হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরবর্তীতে আরও দুই পুরুষের মৃত্যু হয়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও স্থানীয় ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।



















