মাদকের বিরুদ্ধে সাহসিকতা, সম্মাননা পেলেন রাঙ্গামাটি পুলিশের এসআই
- Update Time : ০৫:৪৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / 13

রাঙ্গামাটি প্রতিনিধি:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে Certificate of Appreciation পেয়েছেন রাঙ্গামাটি কোতয়ালী থানার উপ-পরিদর্শক এসআই মহিউদ্দিন আলমগীর।
চট্টগ্রাম রেঞ্জের আওতায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে *৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট* উদ্ধার করায় তাকে এই সম্মাননা দেওয়া হয়।
গত ২৮ জুলাই ২০২৬ চট্টগ্রাম রেঞ্জ অফিসে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোঃ মনিরুজ্জামান তার হাতে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন। এ সময় চট্টগ্রাম রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের পুরো সময় এসআই মহিউদ্দিন আলমগীর অত্যন্ত দক্ষতা, সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। তার এই সাফল্য মাদকবিরোধী অভিযানে রাঙ্গামাটি জেলা পুলিশের কার্যকর ভূমিকার উজ্জ্বল দৃষ্টান্ত।
পার্বত্য রাঙ্গামাটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরে মাদক পাচার প্রতিরোধে জেলা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মাদকের বিস্তার রোধে কাজ করছে পুলিশ।
রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে এসআই মহিউদ্দিন আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। কর্মকর্তারা আশা প্রকাশ করেন, তার এই অর্জন অন্যান্য পুলিশ সদস্যদের নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের কার্যক্রম আরও বেগবান হবে।



















