মানসম্মত চিকিৎসার দাবিতে মানবন্ধন
- Update Time : ০১:২৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / 6

থানচি (বান্দরবান) প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী পার্বত্য জেলা পরিষদে ন্যস্ত বান্দরবান স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনা, অনিয়ম ও চিকিৎসা উপকরণের অপ্রতুলতা দূর এবং হামে আক্রান্ত রোগীদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে বান্দরবানে মানবন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে পাহাড়ি ছাত্র সংগঠনগুলো।
আজ ৩ আগস্ট সকালে বান্দরবান জেলা প্রেসক্লাবের সামনে জেলার পাহাড়ি ছাত্র সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বাবু শৈনাং খুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে বর্তমানে হামসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যথাযথ স্বাস্থ্যসেবা না পাওয়ায় রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন। তাই দ্রুত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, পাহাড়ি অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পার্বত্য জেলা পরিষদের অধীনে থাকা স্বাস্থ্য বিভাগকে আরও দায়িত্বশীল ও জবাবদিহিমূলক হতে হবে।
তারা অবিলম্বে বান্দরবানের দুর্গম পাহাড়ি প্রতিটি এলাকার পাড়া ও গ্রামে মেডিকেল টিম পাঠিয়ে হাম আক্রান্ত রোগীদের সঠিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের দাবি জানান। অন্যথায় পাহাড়ি ছাত্রসমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
মানবন্ধন শেষে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি পেশ করেন। এর মধ্য দিয়ে আয়োজিত মানবন্ধনের সমাপ্তি ঘটে।











