জাতিসংঘের শিশুবিষয়ক তহবিলের শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশে রোহিঙ্গাদের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন- প্রিয়াঙ্কা চোপড়া

জগন্নাথপুর টুডে ডেস্ক:
জাতিসংঘের শিশুবিষয়ক তহবিলের (ইউনিসেফ) শুভেচ্ছাদূত হিসেবে গত সোমবার সকালে বাংলাদেশে এসেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বুধবার সকালে টেকনাফের বালুখালীতে ইউনিসেফ পরিচালিত শিশুবান্ধব কেন্দ্রে শিশুদের সঙ্গে চমৎকার সময় কাটিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার সকালে এই বলিউড তারকা গিয়েছিলেন টেকনাফের হাড়িয়াখালীর ভাঙ্গার এলাকায়। প্রায় নয় মাস আগে রোহিঙ্গা-ঢলের অন্যতম প্রবেশপথ ছিল এই এলাকা। রোহিঙ্গা ক্যাম্পের অভিজ্ঞতা জানাতেই আগামীকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন তিনি। ইউনিসেফ বাংলাদেশের কমিউনিকেশন অফিসার ইফতেখার আহমেদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিতে ইউনিসেফের আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। কক্সবাজারে রোহিঙ্গাদের বিভিন্ন অস্থায়ী আশ্রয়শিবিরে যান তিনি।

সেখানে তিনি বিশেষ করে নারী ও শিশুদের সঙ্গে মতবিনিময় করেন। প্রিয়াঙ্কার সেই অভিজ্ঞতা জানাতেই আগামীকাল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে রোহিঙ্গাদের বিষয়ে বিশ্ববাসীর করণীয় সম্পর্কেও তিনি আলোকপাত করবেন।

আগামীকাল বৃহস্পতিবার মুম্বাই ফিরে যাবেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রকৃতি, স্বাস্থ্য, শিক্ষা, নারী অধিকার ইত্যাদি বিষয়ে কাজ করে চলেছেন এ বলিউড অভিনেত্রী। এর আগে, গত বছর সিরিয়ান শরণার্থী শিশুদের সঙ্গে সাক্ষাৎ করতে জর্ডানে গিয়েছিলেন তিনি।

জ.টুডে-২৩ মে ২০১৮/বিডিএন

মীরপুর আইডিয়াল ভিলেজ ফোরামের “আইডিয়াল যাকাত ফান্ড”

 

ইসলামের ৫টি মূলভিত্তির অন্যতম হলো যাকাত আদায় করা। নিসাব পরিমান সম্পদের মালিক হলেই যাকাত প্রদান করতে হবে। যারা নিসাব পরিমান সম্পদের মালিক তারা যাকাত আদায় না করলে গুনাগার হবেন এবং পরকালে শাস্তিভোগ করতে হবে।

যাকাত কমবেশি অনেক মানুষ আদায় করেন এবং দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করে থাকেন। কিন্তু যাকাতের মূল উদ্দেশ্য দারিদ্রতা দুর করা। সেই উদ্দেশ্য বা কাজের কাজ কিছুই হচ্ছে না।

বরং যাদেরকে যাকাত দেয়া হয় তাদেরকে প্রতি বছরই যাকাত প্রদান করা হচ্ছে অথচ যাকাত গ্রহীতাগন আর্থিকভাবে একই অবস্থায় জীবন যাপন করছেন। তারা দরিদ্রই রয়ে যাচ্ছেন এর কারন কি? এটা বুজাতে হবে। বুজে শুনে যাকাত প্রদান করতে হবে। হয়ত সঠিক ভাবে যাকাত আদায় হচ্ছেনা বা সঠিক লোকজনদের নিকট যাকাত পৌছছেনা বা গ্রহীতারা যাকাতের সদ্ব্যবহার করছেননা।

প্রকৃতপক্ষে যাকাত আদায় করতে হবে সংঘবদ্ধভাবে। সকল যাকাত দাতা এক জায়গায় যাকাত দিতে হবে। যাকাতের সকল টাকা একটি ফান্ডে জমা করে যাকাত পাওয়ার সঠিক মানুষকে এমন ভাবে দিতে হবে যাতে তার কর্মসংস্থান তৈরী করে আয় রোজগার করতে পারে।

এক সময় নিজে যাকাত দাতা হতে পারে। অনেকে বলতে পারেন আমার নিজের গরীব আত্মীয় স্বজন আছে। তাদের হক্ব, তাদেরকে দিতে হবে। ফান্ডে জমা দিলে তাদের কে দিতে পারবনা। হ্যাঁ নিজের গরীবদের যাকাত দিতে হবে। যারা একটি ফান্ডে যাকাত প্রদান করবেন তাদের গরীব আত্মীয় স্বজনের তালিকা করে ফান্ডে রাখা হউক।

পর্যায়ক্রমে যাকাতের টাকা দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করে আয় রোজগারের ব্যবস্থা করে একজন একজন করে দেয়া হউক। এক সময় সবাই পাবে। দেখা যাবে কোন একদিন তাদের কাউকে আর যাকাত দেয়া লাগবেনা। তাদের দরিদ্র জীবন থাকবেনা। ওরা সচ্ছল হবে।

নিজেরাই একদিন যাকাত দিতে সক্ষম হবে। এমন কি সেই দরিদ্র লোক গুলি যাকাত দিয়ে দারিদ্র মুক্ত সমাজ গঠনে ভুমিকা রাখবে। সমাজ ও দেশ দারিদ্র মুক্ত হয়ে যাবে।

সেই লক্ষ্যে আইডিয়াল ভিলেজ ফোরাম একটি যাকাত ফান্ড গঠন করেছে। যার নাম হলো “আইডিয়াল যাকাত ফান্ড” এই ফান্ডে আপনাদের যাকাত জমা করতে পারেন।

যাকাতের সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা দারিদ্র মুক্ত জীবন তৈর করতে নিরলস প্রচেষ্টা করে যাবো। বিশেষ করে মীরপুর ইউনিয়নের সকল যাকাত দাতাগনের নিকট অনুরোধ আপনাদের সকল যাকাত আমাদের ফান্ডে জমা করে মীরপুর ইউনিয়ন কে দারিদ্র মুক্ত ইউনিয়ন গড়তে ভুমিকা রাখুন।

আমরা আপনাদের আমানতের সঠিক ব্যবহার করবো এই প্রতিশ্রুতি দিচ্ছি। সাথে সাথে যাদেরকে আপনারা যাকাত দিতে চান, তাদের তালিকা আমাদের নিকট জমা দিন।

আল্লাহ আপনাদের মঙ্গল করুক। আমীন। মোঃ মুজাক্কির হোসাইন। সভাপতি, আইডিয়াল ভিলেজ ফোরাম।  মোবাইল ০১৭৩১১০৬০৩১. প্রেস বিজ্ঞপ্তি

এক সেকেন্ডের নেই ভরসা,নিজ অফিসেই মারা গেলেন খাদ্য কর্মকর্তা দীলিপ চন্দ্র দেবনাথ

জগন্নাথপুর টুডে ডেস্ক:
এক সেকেন্ডের নেই ভরসা। ঠিক এমনটাই যেন হলো চাঁদপুরের মতলব উত্তর উপজেলার খাদ্য কর্মকর্তা দীলিপ চন্দ্র দেবনাথের (৫৭) বেলাতে।

উপজেলা নির্বাহী অফিসারের সাথে তার কক্ষে কথা বলে নিজ অফিসে এসে সহকারী জাহাঙ্গীর এর সাথে কথা বলা অবস্থায় আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে চেয়ারেই ঢলে পড়লেন এই উপজেলা খাদ্য কর্মকর্তা।

দ্রুত নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
তিন বছর পর যার চাকরি জীবন থেকে অবসরে যাবার কথা তার আগেই তিনি পরপারে যাবার মাধ্যমে সারাজীবনের জন্যে অবসরে গেলেন। উপজেলা খাদ্য কর্মকর্তার বাড়ি কুমিল্লা জেলার বড়ুরা উপজেলায়।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. ইসমাইল হোসেন জানান, রোগী হাসপাতালে আসার আগেই মারা গেছে। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান, খাদ্য কর্মকর্তার গ্রামের বাড়িতে খবর পাঠানো হয়েছে তার স্বজনরা এলে তাদের কাছে ওনাকে হস্তান্তর করা হবে। তবে তাির জেলা কর্মকর্তারা এসে পৌঁছেছেন। মতলব উত্তর উপজেলার কর্মস্থলে মারা যাবার এটাই প্রথম ঘটনা।

কর্মস্থলে খাদ্য কর্মকর্তার আকস্মিক মৃত্যুতে মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, উপজেলা অফিসার ক্লাব, উপজেলা তৃতীয় ও চতুর্থ শ্রেণী সরকারি কল্যাণ সমিতি’র পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

জ.টুডে-২৩ মে ২০১৮/বিডিএন

বগুড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

জগন্নাথপুর টুডে ডেস্ক:
বগুড়ার ধুনট উপজেলায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে জাহিদুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

নিহত জাহিদুল ইসলাম উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের সরোয়ার হোসেনের ছেলে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে জাহিদুল ইসলাম বাড়ির পাশে বৃষ্টিতে ভিজে জমির আইল কাটতে ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে অচেতন হয়ে পড়েন জাহিদুল।

স্বজনরা তাকে মাঠ থেকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবু সালেহ বজ্রপাতে জাহিদুলকে মৃত ঘোষণা করেন।

জ.টুডে-২৩ মে ২০১৮/বিডিএন

সুন্দরবনে ৫৮টি অস্ত্রসহ ৫৭ বনদস্যুর আত্মসমর্পণ

জগন্নাথপুর টুডে ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র ও গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন সুন্দরবনের ছয়টি বনদস্যু বাহিনীর ৫৭ জন। বুধবার পৌনে একটার দিকে তারা আত্মসমর্পণ করেন।

এরমধ্যে রয়েছেন— দাদা ভাই বাহিনীর ১৫ জন, হান্নান বাহিনীর নয়জন, আমির আলী বাহিনীর সাতজন, সূর্য বাহিনীর ১০ জন, ছোট সামসু বাহিনীর নয়জন ও মুন্না বাহিনীর সাতজন সদস্য। আত্মসমর্পণকালে তারা ৫৮টি অস্ত্র ও ১২৮৪ রাউন্ড গুলি জমা দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র‌্যাব-৬ এর পরিচালক খন্দকার রফিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, কেসিসির নব-নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক।

র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, কোস্ট গার্ডের মহাপরিচালক আওরঙ্গজেব চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ছয় সদস্য।

জ.টুডে-২৩ মে ২০১৮/বিডিএন

ইকড়ছই’য়ে দু-পক্ষের সংঘর্ষে আহত-৮, আটক-২

জগন্নাথপুর টুডে নিউজ:
উপজেলার জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই পারুয়া বাড়ি এলাকায় মঙ্গলবার (২২ মে) বিকেল ৩টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আক্কিছ মিয়া ও জালাল উদ্দিনের লোকজনদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৮জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে পূর্ব ভবানীপুর এলাকার বাসিন্দা হাজি আফতাব আলীর ছেলে আকমল হোসেন ভুইয়াকে (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। অন্যান্য আহত তদরিছ মিয়া (৬০), আক্কিছ মিয়া (৪০), সমর উদ্দিন (৩৫), কামরুল ইসলামকে (২৫) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে দাঙ্গার সাথে জড়িত থাকার সন্দেহে পারুয়া বাড়ির বাসিন্দা জালাল উদ্দিনের কাজের লোক নেত্রকোনা জেলার মদন উপজেলার কুল্লাহাটি নাসিরপুর গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে আবুল কালাম (৩০) ও শহরের ৮নং ওয়ার্ডের পূর্ব ভবানীপুর এলাকার ফজর আলীর ছেলে জিল্লুর রহমানকে (২০) আটক করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

জ.টুডে-২২ মে ২০১৮/বিডিএন

জগন্নাথপুরে গাঁজাসহ গ্রেফতার-২

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ ছালিম উদ্দিন (৩২) ও আরশ মিয়াকে (২৮) গ্রেফতার করা হয়েছে। ছালিম উদ্দিন জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের কছর মিয়ার ছেলে, আরশ মিয়া একই উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কদমতলা গ্রামের নুরুল হকের ছেলে।

সোমবার (২১ মে) জগন্নাথপুর থানার এস আই লুৎফুর রহমান ও এ এসআই শাহ জামালের নেতৃত্বে একদল পুলিশ রানীগঞ্জ-ইনাতগঞ্জ আঞ্চলিক মহা-সড়কের পাইলগাঁও ইউনিয়নের কদমতলা নামক স্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ ছালিম উদ্দিন ও আরশ মিয়াকে গ্রেফতার করা হয়।

এ ব্যপারে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে। মঙ্গলবার (২২ মে) গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায় গাঁজাসহ গ্রেফতারকৃত ছালিম উদ্দিন ও আরশ মিয়া অন্য মামলায় গ্রেফতারী পরোয়না ভুক্ত আসামী।

জ.টুডে-২২ মে ২০১৮/বিডিএন

কলকলিয়ার মোহাম্মদপুর গ্রামে মরহুম সমছু মিয়া এডুকেশন এন্ড চ্যারেটি ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরন

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী দানশীল ব্যক্তিত্ব হাজি মো: মুহিত মিয়া কর্তৃক শিক্ষা ও আর্ত মানবতার কল্যানে ব্রত নিয়ে তার পিতার নামে প্রতিষ্টিত মরহুম সমছু মিয়া এডুকেশন এন্ড চ্যারেটি ট্রাস্টের উদ্যোগে মাহে রমজান উপলক্ষ্যে গরীব, অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টায় হাজি মো: মুহিত মিয়ার মোহাম্মদপুর গ্রামে তার নিজ বাস ভবনে ইফতার সামগ্রী বিতরন পূর্ব আলোচনা সভায় বক্তারা চ্যারেটি ট্রাস্টের প্রতিষ্টাতা পরিচালক হাজি মো: মুহিত মিয়া কর্তৃক পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এলাকার দেড় শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রীর বিভিন্ন দ্রব্য বিতরন করেন।

বক্তারা বলেন শুধু মাহে রমজান নয় প্রতি বছর তিনি গরীব অসহায় লোকজনদের সাহায্যের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সাহায্য ছাড়াও এলাকার ধর্মীয় প্রতিষ্টানের পাশাপাশি শিক্ষা প্রতিষ্টান ও এলাকার যোগাযোগ ব্যবস্থায় আর্থিক সহযোগিতা চালিয়ে যাচ্ছেন।

অসহায় দরিদ্র লোকজন ও এলাকার সামাজিক উন্নয়নে অবদান রাখায় হাজি মো: মুহিত মিয়ার মহতি এসব কার্যক্রমের ভূয়শী প্রশংসা করে এর অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানান।

মরহুম সমছু মিয়ার সহধর্মিনী হাজিয়া মোছা: চাম্পা বেগমের সভাপতিত্বে, সমাজকর্মী আজাদ মিয়া, মুহিব মিয়া ও শিপন মিয়ার যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সমাজসেবী মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা ছইল মিয়া, মোছা: রয়ফুল বিবি, কলকলিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য ছালিক মিয়া, সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যা হনুফা বেগম,

জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডে ডটকম’র সম্পাদক মো: আব্দুল হাই, এরালিয়া বাজার জামে মসজিদের ইমাম ক্বারী আব্দুল মুছাব্বির, বিশিষ্ট মুরব্বী মাওলানা আব্দুল জলিল প্রমূখ।                                  

অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী ইসকন্দর আলী, সুলেমান মিয়া, আবুল মিয়া, জবর আলী, আব্দুল হক, চাঁন্দ আলী, আজিজুল মিয়া, করিম মিয়া, ফরিদ মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।

আলোচনা সভা শেষে মরহুম সমছু মিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা ও হাজি মুহিত মিয়াসহ পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়। পরে কলকলিয়া ইউনিয়নের ৩টি ওয়ার্ডের মোহাম্মদপুর, গোড়ারগাঁও, খাশিলা ও প্রভাকরপুর গ্রামের দেড় শতাধিক গরীব অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রীর সোয়াবিন তৈল, পেয়াজ, ছোলা, ডাল, লবন, ময়দা, খেজুর বিতরন করা হয়।

ইফতার সামগ্রী নিতে আসা দরিদ্র লোকজন বিপুল পরিমানের প্যাকেটজাত করন ইফতার সামগ্রী পেয়ে আনন্দিত হয়ে জানান পবিত্র মাহে রমজানে সাহায্য করায় হাজি মো: মুহিত মিয়াসহ পরিবারের প্রতি দোয়া ও কৃতজ্ঞতা জানান।

জ.টুডে-২২ মে ২০১৮/বিডিএন

যুক্তরাজ্যের শীর্ষ ধনীর তালিকায় বালাগঞ্জের ইকবাল আহমদ

জগন্নাথপুর টুডে ডেস্ক:

যুক্তরাজ্যে এই বছর শীর্ষ ধনীদের তালিকায় আগের চেয়ে এগিয়েছেন বাংলাদেশে জন্ম নেওয়া খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের উদ্যোক্তা ইকবাল আহমেদ ও তার পরিবার। আগের বছরের চেয়ে পরিবারটির সম্পদ বেড়েছে এক কোটি ২০ লাখ পাউন্ড।

এ বছর তাদের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২১ কোটি পাউন্ড। যুক্তরাজ্যের সেরা এক হাজার ধনীর নাম নিয়ে প্রকাশিত ‘দ্য সানডে টাইমস রিচ লিস্ট’ এ ইকবালের অবস্থান ৫৬০তম স্থানে। গত বছর তার অবস্থান ছিল ৫৮৪তম।

ইকবাল আহমেদ যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের উপদেষ্টা পরিষদের সদস্য। দুই ভাই বিলাল ও কামালসহ ইকবাল ইউরোপে হিমায়িত খাবারের ব্যবসায়ীদের শীর্ষ স্থানীয়দের একজন।

খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান ‘সিমার্ক গ্রুপে’র মালিক ইকবাল ও তার পরিবার সম্পর্কে তালিকায় বলা হয়েছে, ‘৬১ বছর বয়সী এই ব্যবসায়ী ও তার ভাইয়েরা মিলে একটি পুরোনো মুদি দোকানকে একটি শীর্ষ প্রক্রিয়াজাতকারী, রফতানিকারক ও পরিবেশক প্রতিষ্ঠান ‘সিমার্ক’ এ রূপান্তর করেছেন।

ম্যানচেস্টারভিত্তিক এই ব্যবসায়ী ২০১৬ সালে ৫ কোটি ৫৪ লাখ পাউন্ড লাভ করেছিলেন। কিন্তু পরের বছরই তিনি ৯ লাখ ৬৮ হাজার পাউন্ড লোকসান দেন।

তালিকার ‍বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে কোম্পানিটির কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ তথ্য থাকায় পরিবারটি তালিকায় উপরে উঠে এসেছে। ইকবাল আহমেদ ম্যানচেস্টার অভিজাত রেস্টুরেন্ট ভারমিলিয়ন ও পাশের সিননাবার নাইটক্লাবের মালিক’।

সিলেটের বালাগঞ্জে জন্ম নেওয়া ইকবাল আহমেদ ১৫ বছর বয়সে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে তিনি বাংলাদেশ থেকে চিংড়ি আমদানি শুরু করেন। এখন তিনি জাহাজ, হোটেল ও আবাসন উন্নয়ন, সেবা ও খাদ্যের ব্যবসা করছেন।

যুক্তরাজ্যে ধনীদের তালিকায় এ বছর প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন রাসায়নিক উদ্যোক্তা জিম রাটক্লিফ। তার মোট সম্পদের পরিমাণ ২ হাজার ১০৫ কোটি পাউন্ড।

তার পরেই আছেন ভারতীয় বংশোদ্ভূত হিন্দুজা ভাইয়েরা। শ্রীচান্দ হিন্দুজা ও গোপিচান্দ হিন্দুজার মোট সম্পদের পরিমাণ ২ হাজার ৬৪ কোটি পাউন্ড।

তালিকা সমন্বয়কারী রবার্ট ওয়াটস বলেন, যুক্তরাজ্য পরিবর্তন হচ্ছে। ‘সানডে টাইমস রিচ লিস্ট’ এ পুরোনো অর্থবিত্তধারী ও অল্প কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের আধিপত্যের দিন শেষ।

অভিজাত ও উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির অধিকারীদের ঠেলে সরিয়ে দিয়ে নতুন উদ্যোক্তারা তাদের জায়গা কেড়ে নিয়েছেন।

ওয়াটস আরও বলেন, এখনকার শীর্ষ ধনীদের মধ্যে এমন মানুষও আছেন যারা চকলেট, সুশি, পোষা প্রাণীর খাবার ও ডিম বিক্রির মাধ্যমে ব্যবসা শুরু করেছিলেন।

আমরা দেখছি অনগ্রসর জনগোষ্ঠীর অনেক মানুষ যারা ঠিকমতো পড়াশোনা করতে পারেননি, এমনকি যারা মধ্য বয়স পর্যন্ত তাদের ব্যবসা শুরুই করতে পারেননি তারাও তালিকায় স্থান করে নিয়েছেন।

২০১৮ সালকে ‘সানডে টাইমস রিচ লিস্টে’র ৩০তম সংখ্যা বের হয়েছে। এই সাময়িকীটিকে ‘যুক্তরাজ্যের সম্পদের চূড়ান্ত নির্দেশিকা’ হিসেবে দাবি করা হয়। তালিকায় দেখা গেছে, দেশটির শীর্ষ এক হাজার ধনী ও তাদের পরিবারের মোট সম্পদের পরিমাণ ৭২ হাজার ৪০০ কোটি পাউন্ড।

আগের বছর তা ছিল ৬৫ হাজার ৮০০ কোটি পাউন্ড। আর কোটিপতির সংখ্যা আগের বছরের চেয়ে ১১ জন বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ জনে।

এ বছর ‘সানডে টাইমস রিচ লিস্টে’ ঢোকার জন্য একজন ব্যক্তিকে সাড়ে ১১ কোটি পাউন্ডের মালিক হতে হয়েছে। ১৯৮৯ সালে তালিকাটির শুরুর বছর যা ছিল মাত্র ৩ কোটি পাউন্ড। এছাড়া এই বছর শীষ ধনীর তালিকায় রেকর্ড ১৪১ জন নারীর নাম রয়েছে।

জ.টুডে-২১ মে ২০১৮/বিডিএন

পূর্ব লন্ডনের বার্কিংয়ে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

জগন্নাথপুর টুডে ডেস্ক:
ইস্ট লন্ডনের বার্কিং এলাকায় ছুরিকাঘাতে ২৪ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। বিবিসি জানিয়েছে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বার্কিং এলাকার ক্রোস রোডে ।

পুলিশ জানিয়েছে এম্বুলেন্স এবং পুলিশ এসে তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ঘটনাস্থলেই ঐ যুবকের মৃত্যু হয়। ইতিমধ্যে তার পরিবারকে অবহিত করা হয়। পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।

বিবিসি খবরের সূত্রে জানাগেছে এবছর এখনো পর্যন্ত গুলি ও ছুরিকাঘাতে ৬০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩৯জনই প্রান হারান ছুরিকাঘাতে। আর ১০ জন গুলিতে।

জ,টুডে-২১ মে ২০১৮/বিডিএন