স্টাফ রিপোর্টারঃ-
সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমেদ গাজীনগরীর মৃত্যুর প্রকৃত রহস্য উম্মোচনের দাবী জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন জমিয়তের (মুফতি ওয়াক্বাস) কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ তালহা আলম।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জগন্নাথপুর পৌর শহরের একটি পার্টি সেন্টারে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এ সাংবাদিক সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে সৈয়দ তালহা আলম বলেন, মাওলানা মুশতাক আহমেদ মৃত্যুর ঘটনায় একটি ষড়যন্ত্রকারী মহল মব জাস্টিসের মাধ্যমে নানা পায়তারা করছে। এমন কি রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে আমাকে টার্গেট করা হচ্ছে।
রবিবার দিবাগত রাত ২- ২.৩০ মিনিটের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সিলেট নগরীর সেনপাড়ায় আমার বাসায় এক জমিয়ত নেতার সন্ধানে আসে। পরে ফোন দিয়ে আমি ওই নেতাকে বলি, আত্মসমর্পণ করার জন্য।
পরবর্তীতে জানতে পারি, মব জাস্টিসের মাধ্যমে সূর্যাস্তের আগে গ্রেপ্তার দেখাতে একটি মহল আইনশৃঙ্খলা বাহিনীকে আল্টিমেটাম দেয়। নতুবা দেশজুড়ে হরতালসহ জনভোগান্তিমূলক কার্যক্রম চলবে। এমতাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীও শঙ্কিত।
এ ঘটনায় আমার বিরুদ্ধে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রোপাগাণ্ডা ছড়ানো হচ্ছে। আমাকে বলা হচ্ছে, আমি আমেরিকা পালিয়া যাচ্ছি। এতে আমার মানহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। যারা ষড়যন্ত্র করছে তাদের ভবিষ্যতে দেখা হবে।
তিনি বলেন, আমি বাংলাদেশে আছি, বাংলাদেশে থাকব। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া একটি নিরীহ আলেম সংগঠনের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা যাবে না। ময়নাতদন্তের রিপোর্ট তাড়াতাড়ি প্রকাশের জন্য আমরা প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি।
মাওলানা মুশতাক আহমেদ কিভাবে মারা গেছেন প্রশাসনকে তার প্রকৃত রহস্য উন্মোচন করতে হবে। এটা হত্যাকাণ্ড হয়ে থাকলে প্রকৃত দোষীদের খোঁজে বের করে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক।
তিনি আরো বলেন, জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমেদ মৃত্যুর ঘটনায় হাম্মাদ গাজীনগরী ও মাওলানা তৈয়বুর রহমানকে সঠিকভাবে জিজ্ঞাসা করলে হয়তো সব তথ্য বেরিয়ে আসবে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, সোমবার জমিয়তে উলামায়ে ইসলাম (মুফতি ওয়াক্বাস) অংশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, নির্বাহী সভাপতি মাওলানা শহীদুল ইসলাম আনসারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাওলানা মুসতাক আহমেদ গাজীনগরীর মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচনে ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে উন্নত প্রযুক্তি থাকাসত্ত্বেও জমিয়তের আমাদের নেতৃবৃন্দের প্রতি মিথ্যাচারের দুয়ার খোলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট জনগণের সামনে তুলে ধরার আহবান জানান।
সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া বিভিন্ন ধরনের মবের মাধ্যমে কাউকে যদি গ্রেপ্তার করা হয় সেটি হবে নিন্দনীয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জমিয়তের নেতৃবৃন্দ ও স্থানীয় লোকজন।