গলাচিপায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে ছাই ৪ সদস্যের পরিবারের স্বপ্ন
- Update Time : ১২:০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / 13

মোঃ নাসির উদ্দিন, পটুয়াখালী:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ২নং গোলখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বড় গাবুয়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি চার সদস্যের পরিবার মুহূর্তেই সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।
আগুনে তাদের একমাত্র টিনের বসতঘর, নগদ টাকা, স্বর্ণালংকার, জমির গুরুত্বপূর্ণ কাগজপত্র, আসবাবপত্র, কাপড়চোপড়সহ জীবনের সব সঞ্চয় পুড়ে ছাই হয়ে গেছে।
বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে মানবেতর জীবনযাপনের শঙ্কায় দিন কাটাচ্ছে।
বুধবার (১৫ জুলাই) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মোসাঃ তানিয়া আক্তার ও তাঁর স্বামী মোঃ শামিম জানান, আগুন লাগার সময় পরিবারের কেউ ঘরে ছিলেন না।
এ সুযোগে আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রাণপণ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। অল্প সময়ের মধ্যেই বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।
পরিবারটির দাবি, আগুনে প্রায় ৬০ হাজার টাকা নগদ, প্রায় ২ ভরি স্বর্ণালংকার, জমির মূল্যবান দলিলপত্র, প্রয়োজনীয় আসবাবপত্র, কাপড়চোপড় এবং দৈনন্দিন ব্যবহারের সব জিনিসপত্র পুড়ে গেছে।
একটি শিশুসহ চার সদস্যের এই পরিবারটি এখন চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে।
ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন, আগুন লাগার পর ফায়ার সার্ভিসে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
ফলে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই তাদের জীবনের সব সঞ্চয় আগুনে ভস্মীভূত হয়ে যায়।
খবর পেয়ে গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ এবং গলাচিপা থানার এএসআই মইনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং দ্রুত সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন।
সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়া পরিবারটি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর প্রতি সহায়তার আবেদন জানিয়েছে।
একই সঙ্গে তারা স্থানীয় সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করে দ্রুত মানবিক সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, একটি দুর্ঘটনা মুহূর্তের মধ্যে একটি পরিবারের জীবনের সব স্বপ্ন কেড়ে নিয়েছে।
এখন তাদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবান মানুষের দ্রুত সহযোগিতাই পারে পরিবারটির মুখে আবারও আশার আলো ফিরিয়ে আনতে।



















