কৃষি উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা
- Update Time : ০৭:৪৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 19

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
কৃষি খাতের আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে কৃষি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালকের কার্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) আমির আব্দুল্লাহ মো. ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. বুলবুল আহমেদ এবং সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এছাড়াও কৃষি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় জেলার কৃষিকে আরও লাভজনক, আধুনিক ও সময়োপযোগী করতে প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে জেলার প্রধান অর্থকরী ফসল আমসহ অন্যান্য কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি, গুণগত মান নিশ্চিতকরণ এবং আধুনিক সংরক্ষণ ব্যবস্থার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া কৃষকদের দোরগোড়ায় সরকারি কৃষিসেবা আরও সহজলভ্য করা, কৃষি খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, কৃষির আধুনিকায়ন ও প্রযুক্তির যথাযথ প্রয়োগের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষকের আয় বৃদ্ধি এবং জেলার কৃষি খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সভা শেষে কৃষি উন্নয়নে গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তরকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।



















