জাফলংয়ে রেলপথের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রী আরিফুল হক
- Update Time : ০২:০৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 8

গোয়াইনঘাট প্রতিনিধি:
বহুল আলোচিত সিলেট-জাফলং রেলপথ নির্মাণের প্রাথমিক প্রস্তুতি ও সম্ভাব্যতা যাচাইয়ের জন্য শনিবার জাফলং পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বিকেলে বাসযোগে রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনকে সঙ্গে নিয়ে জাফলংয়ে পৌঁছান তিনি।
পরিদর্শনকালে প্রতিনিধি দলটি জাফলং পর্যন্ত সম্ভাব্য রেলপথের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। রেললাইন স্থাপনের জন্য প্রয়োজনীয় জমি, ভূ-প্রকৃতি ও অবকাঠামোগত বিষয়গুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক সম্ভাব্যতা যাচাই করেন।
পরিদর্শন দলে আরও ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. জিয়াউল হক, ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহমদ, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, রেলওয়ে ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শন শেষে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, “সিলেট-জাফলং রেলপথ চালু হলে দেশি-বিদেশি পর্যটকদের জাফলংয়ে যাতায়াত সহজ, নিরাপদ ও আরামদায়ক হবে। রেল যোগাযোগ চালু হলে সাধারণ মানুষ নানা ধরনের সুবিধা পাবে।”
তিনি আরও বলেন, “এই রেলপথ শুধু পর্যটন শিল্পের বিকাশেই ভূমিকা রাখবে না। পণ্যবাহী ওয়াগনের মাধ্যমে কম খরচে ও দ্রুত পণ্য পরিবহন সম্ভব হবে। এর ফলে গোয়াইনঘাটসহ পুরো অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আমরা আশাবাদী।”
স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল সিলেট থেকে জাফলং পর্যন্ত রেল যোগাযোগ স্থাপনের। মন্ত্রী ও সচিবদের এই পরিদর্শনের খবরে গোয়াইনঘাটবাসীর মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।









