বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে লুদরপুরে নাজিম উদ্দিন খুন
- Update Time : ০৬:০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / 18
স্টাফ রিপোর্টার:
বোনের বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইদের হামলায় নাজিম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর পৌরশহরের লুদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি ভবের বাজার পোস্ট অফিসের সাবেক পোস্টমাস্টার ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (১৬ অক্টোবর) নিহত নাজিম উদ্দিনের ছোট বোনের বিয়ে হয়। বিয়ের দাওয়াত নিয়ে একই বাড়ির আপন চাচাতো ভাই মাসুম মিয়ার সাথে বিরোধ সৃষ্টি হয়। শনিবার সকালে ওই বিয়ের ওয়ালিমার দাওয়াত নিয়ে নাজিম উদ্দিন তাঁর চাচাতো ভাই মাসুম মিয়ার ঘরে গেলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়।
দুপুরের দিকে মাসুম মিয়াসহ তার ভাইয়েরা মিলে নাজিম উদ্দিনের ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দেশীয় অস্ত্র সুলফির আঘাতে নাজিম উদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বোন সাজিয়া বেগম জানান, “প্রতিপক্ষ আমার চাচাতো ভাই মাসুমের নেতৃত্বে ৭/৮ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আমার ভাই নাজিম উদ্দিনসহ পরিবারের অন্যদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে আমার ভাইকে সুলফি দিয়ে ঘাই মেরে হত্যা করে।” তিনি খুনিদের গ্রেপ্তারের দাবি জানান।
জগন্নাথপুর থানার সাব-ইন্সপেক্টর নুর হোসেন জানান, পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মো. রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



















