৩ হাজার পরিবার পাচ্ছে সুপেয় পানির সমাধান
- Update Time : ০৬:৫০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / 12

স্টাফ রিপোর্টার:
বাগেরহাটের অতিমাত্রায় লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় রামপাল উপজেলায় খাবার পানির তীব্র সংকট নিরসনে আনুষ্ঠানিকভাবে পানির ট্যাংক বিতরণ শুরু হয়েছে। জলবায়ু ট্রাস্ট ফান্ডের উদ্যোগে ও ‘রেইন ওয়াটার হার্ভেস্টিং’ (বৃষ্টির পানি সংরক্ষণ) প্রকল্পের আওতায় প্রান্তিক পরিবারের মাঝে এ ট্যাংক বিতরণ করা হয়।
শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টায় রামপাল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। প্রকল্পের ধারাবাহিকতায় প্রথম পর্যায়ে ৮২টি পরিবারের হাতে এই পানির ট্যাংক তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন,
”উপকূলীয় এলাকায় চারদিকে লোনা পানির বিস্তার থাকায় কোথাও স্বাভাবিক মিষ্টি পানির উৎস নেই। এমনকি এখানকার টিউবওয়েলের পানিও চরম লবণাক্ত। ফলে রামপাল ও মোংলার সাধারণ মানুষ সুপেয় পানির তীব্র সংকটে ভুগছেন। এই কষ্ট লাঘবে প্রাথমিক ধাপে ৩ হাজার দরিদ্র পরিবারকে পানির ট্যাংক দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় উপকূলের প্রতিটি ঘরে ঘরে পানি সংরক্ষণের এই ট্যাংক পৌঁছে দেওয়া হবে।”
তিনি আরও জানান, সুপেয় পানির দীর্ঘমেয়াদী চাহিদা পূরণে এলাকার সকল সরকারি পুকুর সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। পুকুরগুলোকে মিষ্টি পানির টেকসই আধারে পরিণত করা হবে এবং পানির স্বচ্ছতা ও ব্যবহারযোগ্যতা বজায় রাখতে সেখানে সব ধরনের মাছ চাষ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, রামপাল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজীব আল রশিদ, উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন ও সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম জাহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



















